এবার বেগুনে 'ফ্রুট ব্যাগিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম এলাকায় ফ্রুট ব্যাগিং করা বেগুনখেত দেখাচ্ছেন কৃষক জালাল উদ্দীন l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম এলাকায় ফ্রুট ব্যাগিং করা বেগুনখেত দেখাচ্ছেন কৃষক জালাল উদ্দীন l প্রথম আলো

আমে সফল ব্যবহারের পর এবার বিষমুক্ত বেগুন পেতে ‘ফ্রুট ব্যাগিং’ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালি গেটিপাড়া গ্রামের বেগুনচাষি জালাল উদ্দীন (৫৭) ১৫ শতক জমির বেগুনে ফ্রুট ব্যাগিং করে সাফল্য পেয়েছেন।
জালাল উদ্দীন প্রথম আলোকে বলেন, আগে এ জমিতে বেগুন চাষে তিনি প্রতি সপ্তাহে কীটনাশক ব্যবহার করতেন। এরপরও অর্ধেক বেগুন পোকায় আক্রান্ত হতো। প্রতিবার কীটনাশক ছিটানোর জন্য খরচ হতো ৫০০ থেকে ৬০০ টাকা। বেগুনের দামও পাওয়া যেত কম। তিনি একজন কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক ব্যবহারের পরিবর্তে বেগুনে চীন থেকে আমদানি করা ব্যাগ ব্যবহার শুরু করেন। তিন টাকা দামের এই ব্যাগ চার থেকে পাঁচবার ব্যবহার করা যায়। এতে এক কেজি বেগুনে খরচ হয় দেড় থেকে দুই টাকা। অন্যদিকে কীটনাশক ব্যবহারে খরচ হয় এর দ্বিগুণ।
জালাল উদ্দীন আরও বলেন, ‘এ বেগুন বাজারে তুলতে হয় না বললেই চলে। খেত থেকেই বেশির ভাগ বেগুন বেশি দামে বিক্রি হয়ে যায়। অন্যান্য বিক্রেতার চেয়ে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি পাওয়া যায়।’
জালাল উদ্দীনকে পরামর্শদানকারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, কানসাট ও শাহবাজপুর এলাকার কিছু চাষিও এবার শীতকালীন বেগুনে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহারে সাফল্য পেয়েছেন। এ ব্যাপারে অন্য চাষিদের মধ্যেও আগ্রহের সৃষ্টি হয়েছে।
শ্যামপুর মিয়াপাড়ার চাষি জুবায়ের আলমও বলেন, তাঁর খেতে উৎপাদিত বেগুন ঢাকায় পাঠিয়েছেন। চাহিদাও ভালো। কিন্তু চাহিদা অনুযায়ী উৎপাদন হয়নি। ফ্রুট ব্যাগিংয়ের বেগুন বিষমুক্ত—এ বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হলে এর চাহিদা আরও বাড়বে এবং চাষিরা এর ব্যবহারের দিকে ঝুঁকবেন।
চাঁপাইনবাবগঞ্জে দুই বছর আগে আমে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির ব্যবহার শুরু হয়। চীন সফরে গিয়ে এ প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দিন। পরে তিনি গবেষণা কেন্দ্রের আমবাগানে এ প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে সাফল্য পান। এরপর ডালিম, মাল্টা ও পেয়ারায় এর ব্যবহার শুরু হয়।
শরফ উদ্দিন প্রথম আলোকে বলেন, দু-তিন দিন বয়সে বেগুনে ব্যাগ পরাতে হবে। কেননা বেগুনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পোকায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ব্যাগ ব্যবহারের আগে কুয়াশার পানি শুকিয়ে যাওয়ার পর কীটনাশক ও ছত্রাকনাশক একত্রে মিশিয়ে বেগুনখেতে ভালোভাবে ছিটাতে হবে। এরপর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর বেগুনে ব্যাগ পরিয়ে আট দিন পর সাবধানে ব্যাগ খুলতে হবে। সাধারণত ১০ দিন পরই পরিপূর্ণ বেগুন পাওয়া যায়। ব্যাগ ব্যবহারের ফলে যেকোনো পাখি, ইঁদুর ও প্রতিকূল আবহাওয়া থেকেও বেগুন রক্ষা পাবে। ব্যাগের ব্যবহার শেষ হলে ব্যাগগুলো একসঙ্গে পুড়িয়ে ফেলতে হবে।