এবার বেড়ায় ভেজাল দুধবিরোধী অভিযান
পাবনার বেড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছেন। এ সময় ভেজাল দুধ তৈরিতে সহায়তা করার অভিযোগে শহীদুল ইসলাম নামের এক স্কুলছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কারখানা থেকে ভেজাল দুধ তৈরির প্রচুর উপকরণ উদ্ধার করা হয়।
আদালতসংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জানান, উপজেলার হাটুরিয়া গ্রামের আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এ জন্য তিনি তাঁর প্রতিবেশী আবদুল মোতালেবের ঘর ভাড়া নিয়ে সেখানে কারখানা গড়ে তোলেন। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকাল সাতটার দিকে ওই কারখানায় অভিযান চালান। আদালত সেখানে প্রায় ৫০০ লিটার ভেজাল দুধসহ দুধ তৈরির কাজে ব্যবহৃত পাঁচটি ব্লেন্ডার মেশিন, প্রায় ১৫০ লিটার সয়াবিন তেল ও বিভিন্ন রাসায়নিকের উপাদান পান। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আমিরুলসহ বেশির ভাগ কর্মচারী পালিয়ে যান। তবে কারখানা থেকে শহীদুল ইসলাম নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়। ভেজাল দুধ তৈরিতে সহায়তা করার অপরাধে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও মিজানুর রহমান বলেন, ‘বেড়ায় ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’