এবার বেশি বৃষ্টি হওয়ায় সড়কের ক্ষতি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত এক যুগের মধ্যে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় সড়কের ক্ষতির পরিমাণ বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
ফিরোজা বেগমের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৪০ দশমিক শূন্য ৫ শতাংশ কমেছে। ২০০৯ সালে সড়ক দুর্ঘটনা ছিল ৩ হাজার ৩৮১টি, ২০১০ সালে ২ হাজার ৮২৭টি, ২০১১ সালে ২ হাজার ৬৬৭টি, ২০১২ সালে ২ হাজার ৬৩৬টি, ২০১৩ সালে ২ হাজার ২৯টি এবং ২০১৪ সালে ২ হাজার ২৭টি দুর্ঘটনা ঘটেছে।
ফজিলাতুন নেসা বাপ্পির সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার সব তৈরি পোশাক কারখানাকে এক দিনে ঈদের ছুটি না দিতে মালিক সংগঠনগুলোকে অনুরোধ করেছে। তিনি বলেন, ঈদে যানজট কমানোর জন্য বিজিএমইএ এবং বিকেএমইএর সঙ্গে কথা হয়েছে। তাদের আমরা বলেছি, তারা যাতে সব কারখানায় এক দিনে ছুটি না দিয়ে এক দিন পরপর ছুটি দেয়। পোশাককর্মীদের সব পাওনা ঈদের আগে সময়মতো পরিশোধ করতেও বলা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানান মন্ত্রী।
তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচার রোধে সীমান্তের ৩২টি জেলা ও ১২৯টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতা বাড়াতে সভা-সমাবেশ করা হচ্ছে। দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুয়া সরকারি কর্মকর্তা সাজিয়ে কিছু ব্যক্তি সরকারি পাসপোর্ট সংগ্রহ করেছেন। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে বরখাস্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ৯০টি পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং পাসপোর্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রকল্প পরিদর্শন শেষে আইএমইডি যে সুপারিশ করে, তা বাস্তবায়নে মন্ত্রণালয়ের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে আইএমইডির সচিব ও পরিকল্পনামন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠাতে পারেন। আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। গত অর্থবছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ৯২ দিনে কয়েকটি রাজনৈতিক দলের সহিংস আন্দোলনের কারণে নির্মাণসামগ্রী পরিবহনে সমস্যা তৈরি হওয়ায় এবং প্রকল্প এলাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ায় এডিপি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কিছু প্রকল্পের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ বিলম্বিত হওয়ায় এডিপি বাস্তবায়ন সম্ভব হয়নি।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দূতাবাস বা কনস্যুলেট অফিসে কোনো ব্যক্তি পাসপোর্ট নবায়ন করতে গেলে সেই ব্যক্তি রোহিঙ্গা কি না, তা যাচাই করে দেখা হয়। ভাষা ও আচরণে রোহিঙ্গা বলে প্রতীয়মান হলে এবং তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে তাঁর পাসপোর্ট বাতিল করা হচ্ছে।
প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।