এবার বেসরকারি পাটকল শ্রমিকদের ভুখামিছিল
রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকদের পর এবার ভুখামিছিল করলেন খুলনার বেসরকারি মিলগুলোর শ্রমিকেরা। বেসরকারি বন্ধ জুট মিল চালু, শ্রমিকদের ভবিষ্যতহবিলের (প্রভিডেন্ট ফান্ড) টাকা পরিশোধসহ আট দফা দাবিতে থালা-বাসন হাতে ভুখামিছিল করেছেন শ্রমিকেরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের ফুলবাড়ী গেট এলাকার খুলনা-যশোর মহাসড়কে ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশন এই ভুখামিছিলের আয়োজন করে।
মিছিলটি মীরেরডাঙ্গা শিল্পাঞ্চল থেকে শুরু করে মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই মিছিল বের করেন শ্রমিকেরা।
এর আগে গত ১০ এপ্রিল বকেয়া মজুরি পরিশোধ, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত জুট মিলের শ্রমিকেরা ভুখামিছিল করেন। এই কর্মসূচি পালনের কয়েক দিন পরই রাষ্ট্রায়ত্ত পাটকলের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
গতকাল যেসব দাবিতে বেসরকারি পাটকলের শ্রমিকেরা ভুখামিছিল করেছেন, তা হলো বেসরকারি সোনালী ও আফিল জুট মিল পূর্ণাঙ্গভাবে চালু ও বকেয়া পরিশোধ, বন্ধ হওয়া মহসেন ও অ্যাজাক্স জুট মিলের সব পাওনা পরিশোধ, অ্যাজাক্স জুট মিলের আবাসিকে বিদ্যুৎ-সংযোগ চালু, জুট স্পিনার্সের শ্রমিকদের বকেয়া থাকা প্রায় ৮৮ লাখ টাকা পরিশোধ, চালু থাকা জুট মিলের শ্রমিকদের কমপক্ষে দুটি গ্র্যাচুইটি দেওয়া এবং সোনালী, আফিল, অ্যাজাক্স ও মহসেন জুট মিলকে পুনরায় সরকারীকরণ করা।
সমাবেশে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়, মশাল-মিছিল, গণ-অনশন ও খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেট এলাকায় রাজপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।