এবার বোরোতে ব্লাস্ট রোগের বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরোচাষিদের বিপদ যেন কাটছেই না। দুই বছর ধরে ধানের কম দাম ছিল। এবার দাম ভালো হলেও হাওরে বন্যা ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ছয়টি জেলার ফসল নষ্ট হয়েছে। এই ক্ষতির সঙ্গে নতুন করে যোগ হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া ধানের ব্লাস্ট রোগ।

কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, এবার হাওর অঞ্চলের ছয়টি জেলায় সাড়ে ৭ লাখ টন ফসল নষ্ট হয়েছে। অবশ্য খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে ওই অঞ্চলে প্রায় ১২ লাখ টন চাল কম উৎপাদন হবে। আর কৃষি বিশেষজ্ঞদের মতে, ময়মনসিংহ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলায় ব্লাস্ট রোগে ১০ থেকে ১৫ শতাংশ ধান নষ্ট হতে পারে। দেশের বিভিন্ন এলাকার চাল আড়তদার সমিতিগুলো বলছে, এবারের বোরোতে কমপক্ষে ৪০ থেকে ৫০ লাখ টন চাল উৎপাদন কম হবে।

তবে হাওরের ঢল ও ব্লাস্ট রোগ মিলিয়ে আসলে মোট কী পরিমাণ ধানের ক্ষতি হয়েছে, অর্থাৎ এ বছর বোরোতে কী পরিমাণ ধান কম উৎপাদিত হবে তার কোনো পূর্ণাঙ্গ ও সম্মিলিত হিসাব সরকারি-বেসরকারিভাবে এখনো চূড়ান্ত হয়নি।

ব্লাস্ট রোগের জন্য দায়ী ছত্রাক ধানের পাতা ও ধানের দানার কোষ পর্যায়ে ছড়িয়ে পড়ে। এতে ধানের পাতা কালো হয়ে পুড়ে যায়, দানা শুকিয়ে যায়।

সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষকদের আলাদা তিনটি দল ব্লাস্ট রোগে আক্রান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিল। তারা ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও খুলনা জেলার ব্লাস্ট আক্রান্ত ধানের জমি পরিদর্শন করেছে। তাদের মতে, এসব জেলার ১০ থেকে ১৫ শতাংশ ধান এই রোগে নষ্ট হতে পারে।

শিক্ষকদের ওই তিনটি দলে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক বাহাদুর মিঞা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফাজ্জল হোসেন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নোমান ফারুকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁরা প্রথম আলোকে বলেছেন, বেশির ভাগ এলাকায় ব্রি-২৮ ও ব্রি-২৯ ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। এ ছাড়া সুগন্ধি চাল বাংলামতিসহ আরও চারটি জাত ওই রোগে আক্রান্ত।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) হিসাবে, দেশে বোরো মৌসুমে উৎপাদিত ধানের ৬৫ শতাংশ আসে ব্রি-২৮ ও ব্রি-২৯ থেকে। অর্থাৎ প্রায় ১ কোটি টন ধান এই দুটি জাত থেকে আসে।

চালকলের মালিকদের সংগঠন বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের মতেও হাওর ও ব্লাস্ট রোগের কারণে এবারের বোরোতে লক্ষ্যমাত্রা পূরণ হবে না।

নওগাঁর ধান-চাল আড়তদার মালিক সমিতির সভাপতি নিরদ বরণ সাহা প্রথম আলোকে বলেন, ধান ও চালের দাম দিয়ে উৎপাদন কমার লক্ষণ বোঝা যাচ্ছে। তিন-চার বছর ধরে এই সময়ে প্রতি মণ ধান ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন বাজারে আসা ধানের পরিমাণ তূলনামূলকভাবে কম। এক মাস ধরে ভেজা বোরো ধান প্রতি মণ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত প্রায় ৫ হাজার হেক্টর ধানের জমি ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ধানের পুরোটাই যে ক্ষতিগ্রস্ত হবে তেমনটা নয়। বেশির ভাগ ধানের শিস আক্রান্ত হয়নি। তাই উৎপাদন কমার কোনো আশঙ্কা নেই। এবার বর্ষার আগে গ্রীষ্মে ভালো বৃষ্টি হওয়ায় বোরোর সামগ্রিক লক্ষ্যমাত্রা পূরণ হবে।

এ বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম মারুফ প্রথম আলোকে বলেন, বোরোর ৩৭ শতাংশ ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে। বাকি ধান আগামী মাসখানেকের মধ্যে কাটা হয়ে যাবে। এখন পর্যন্ত যে এলাকাগুলোতে ব্লাস্ট রোগ আক্রমণ করেছে, সেখানে ধানের কোনো ক্ষতি হতে দেখা যায়নি।

গোলাম মারুফ আরও বলেন, ‘সারা দেশে আমরা গড়ে প্রতি হেক্টরে সাড়ে তিন টন ধান হবে আশা করেছিলাম। কিন্তু রাজবাড়িতে ধান কাটার সময় দেখা গেছে যে সেখানে প্রতি হেক্টরে চার টন করে ধান হয়েছে। ফলে এবারের বোরোতে আমরা ১ কোটি ৯২ লাখ টন ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, তা পূরণ হবে। হাওরে যে ক্ষতি হয়েছে, তা অন্য এলাকার বাড়তি উৎপাদন দিয়ে পুষিয়ে যাবে।’

কৃষি মন্ত্রণালয় এ বছর দেশে সাড়ে ৩ কোটি টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মনে করেন, হাওরে ধানের ক্ষতি হলেও ব্লাস্ট রোগের কারণে তেমন কোনো ক্ষতি হয়নি। অন্যান্য এলাকায় ভালো বৃষ্টি হওয়ায় মোট ধানের ফলন লক্ষ্যমাত্রা পূরণ করবে। কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমরা বোরো থেকে কৃষককে সরিয়ে আনতে অনেক বছর ধরে চেষ্টা করছি। বোরো ধানে সার, কীটনাশক ও পানি বেশি লাগে। আউশ ও আমনে ওই উপকরণগুলো কম লাগে, এতে উৎপাদন খরচও কম হয়।’

যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএর ২০১৬ সালের ডিসেম্বরে বাংলাদেশের ধান উৎপাদনবিষয়ক এক প্রতিবেদনে বোরো ধান নিয়ে ভিন্ন আরেক আশঙ্কার কথা জানিয়েছিল। এতে বলা হয়েছিল, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বোরোচাষিরা ধান বিক্রি করে উৎপাদন খরচের চেয়ে ১৮ শতাংশ কম দাম পাচ্ছিলেন। ক্রমাগত লোকসানের কবলে পড়ে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে চাষিরা ২০ হাজার হেক্টর কম জমিতে বোরো চাষ করেছিলেন।

বোরো ধানে কৃষকের লোকসানের চিত্র খাদ্য অধিদপ্তরের চালের দামবিষয়ক প্রতিবেদনেও উঠে এসেছে। সংস্থাটি ২০১৫ ও ২০১৬ সালে চালের সংগ্রহ মূল্য ৩১ ও ৩২ টাকা নির্ধারণ করে। ওই দুই বছরের বাজারে এপ্রিলে প্রতি কেজি মোটা চালের দর ছিল যথাক্রমে ২৯ ও ২৪ টাকা। এবার তা ৪০ টাকায় ছুঁলেও কৃষকের হাতে সেই দাম পৌঁছাচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুর্শিদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের আগের বিভিন্ন গবেষণায় দেখতে পেয়েছি, দেশে চালের উৎপাদন ও ভোগ প্রায় সমান সমান। কোনো বছর উদ্বৃত্ত থাকে আবার কোনো বছর ঘাটতি তৈরি হয়। তবে ১০ থেকে ১৫ লাখ টনের ক্ষতিও যদি হয়ে থাকে, তাহলে চালের বাজারে এর প্রভাব পড়বে। এ জন্য পরিস্থিত মোকাবিলায় সরকারি গুদামের মজুত বাড়াতে হবে। বেসরকারি খাতকে প্রস্তুত রাখতে হবে। তবে বোরো ধান কাটার এই সময়ে বেসরকারি খাতকে আমদানির জন্য শুল্ক প্রত্যাহারের সুযোগ দিলে তা হিতে বিপরীত হতে পারে।’

বিআইডিএসের মহাপরিচালক আরও বলেন, ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে একেকটি সংস্থা যে একেক রকম তথ্য দিচ্ছে, তা বাজারের স্বাভাবিক দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায়ীরা অনুমান ও বেশি মুনাফার আশায় খাদ্য মজুত বাড়াবেন, দামও বাড়িয়ে দিতে পারেন। ফলে ক্ষয়ক্ষতির একটি বস্তুনিষ্ঠ হিসাব হওয়া দরকার।