ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভর্তি ফরম তোলা, তা পূরণ করে আবার লাইনে দাঁড়িয়ে জমা দেওয়ার এই চিত্র দীর্ঘদিনের পুরোনো। আর বাড়ি দূরে হলে তো কথাই নেই। হয় শত শত মাইল পেরিয়ে ঢাকায় আসতে হবে, নয় সুযোগসন্ধানী কোনো কোচিং সেন্টার বা অস্থায়ীভাবে গড়ে ওঠা বিভিন্ন ফরম এজেন্সি থেকে বেশি দামে ফরম কেনার বিষয়টিও বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের কাছে পরিচিত।প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে ফরম কেনা ও জমা দেওয়ার সময় ভর্তি-ইচ্ছুকদের এই বিড়ম্বনায় পড়তে হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের এসব ঝক্কি-ঝামেলা ও প্রতারণা থেকে মুক্তি দিতে এবার অনলাইনে ভর্তি ফরম বিক্রি ও জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের সবচেয়ে বড় এ বিশ্ববিদ্যালয়টির ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিক্রি ও জমা হবে অনলাইনে।এর আগে গত বছর (২০০৯-১০ শিক্ষাবর্ষ) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফরম বিক্রি হয়েছে অনলাইনে। ওই বছর শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম অনলাইনে দেওয়ার নির্দেশনা দিলেও সময়স্বল্পতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা চালু করা যায়নি। আগামী বছর থেকে তা শুরু হচ্ছে।১২ মে ডিনস কমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। অনলাইনে ভর্তি-প্রক্রিয়া বাস্তবায়নের জন্য উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে প্রধান করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়। উপাচার্য জানান, শিগগির ওই কমিটি অনলাইনে ভর্তি ফরম বিক্রি ও জমা নেওয়ার বিষয়ে করণীয় ঠিক করে সুপারিশ জমা দেবে। সে আলোকেই আগামী বছরের ভর্তি ফরম অনলাইনে বিক্রি হবে।এত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফরম বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিনটি ব্যাংকের মাধ্যমে বিক্রি করা হতো। ফরম বিক্রির কার্যক্রম অনলাইনভিত্তিক করা হলে এসব জায়গায় আর ফরম বিক্রি করা হবে না বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ফরম বিক্রির সময় এলেই কোচিং সেন্টারের এজেন্টরা সক্রিয় হয়ে যান। তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও জড়িত থাকেন। তাঁরা একাধিকবার লাইনে দাঁড়িয়ে শত শত ফরম একসঙ্গে কিনে নিয়ে যান। গত বছর এসব কাজের সঙ্গে জড়িত প্রায় ১৪ জনকে পুলিশে সোপর্দ ও প্রায় দুই হাজার ফরম জব্দ করা হয় বলে জানান তিনি। এ ছাড়া ফরম জমা দেওয়ার সময় বেশ কিছু ভুয়া ভর্তি ফরমও ধরা পড়ে। প্রক্টর বলেন, অনলাইনে ভর্তি-প্রক্রিয়া শুরু করলে এসব ঝামেলা থেকে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তি পাবে।