এবার ভাঙনের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের উজানের চারটি উপজেলাসহ পুরো হাওর এলাকা গত এক সপ্তাহের অতিবৃষ্টি ও বন্যার পানিতে ভাসছে। পানিবন্দী হয়েছে হাওর এলাকার অধিকাংশ মানুষ। অনেক এলাকায় ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েক শ ঘরবাড়ি ছাড়াও বেশ কয়েক জায়গায় বাঁধ, উঁচু রাস্তা ভেঙে গেছে। হাওর এলাকার মানুষ এখন বন্যার দুর্ভোগের চেয়ে ভাঙনের ভয়ে শঙ্কিত। এলাকাবাসীর আশঙ্কা, বাতাসের গতি বাড়লে এই ভাঙন ভয়াবহ রূপ নেবে। জেলার ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামের আবদুর হেকিম (৪৮) ও রহিম মিয়া (৫২) এবং মিঠামইন উপজেলার হাতকুবলা গ্রামের আহম্মদ মিয়া (৩৮) ও মিয়াধন মিয়া (৪৫) জানান, ‘অতিবৃষ্টি ও বানের ফলে হাওরের পানি বেড়ে গেছে। বন্যার পানিকে আমরা ভয় করি না। ভয় করি বাতাসকে। কারণ, জোরেশোরে বাতাস বইতে শুরু করলে বড় বড় ঢেউ উঠবে। তাতে ঘরবাড়ি, রাস্তাঘাটে ভাঙন শুরু হবে।’হাওরাঞ্চলের চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় জেলার ত্রাণ কার্যালয়, জেলা প্রশাসন ও অন্যান্য সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, নিকলী, মিঠামইন, অষ্টগ্রামসহ তাড়াইল, করিমগঞ্জ, বাজিতপুর এলাকায় নদী ও হাওরে বিপৎসীমার ওপর দিয়ে পানি বইছে। শুধু এলাকাবাসী নয়, স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একই আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাওরে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলে ভাঙন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে। এ সময়ের মধ্যে হাওরের ঢেউ ও নদীভাঙনে ছয় শতাধিক ঘরবাড়ি হাওরে ও নদীতে ভেসে গেছে। চারটি হাওর উপজেলায় সামান্য বাতাসে শতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওরের মানুষ ভাঙন ঠেকাতে চরম অনিশ্চয়তার মধ্যে আছে। ঢেউয়ের আঘাতে নিকলী উপজেলার ছাতিরচরসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু কবরস্থান, বেড়িবাঁধ, রাস্তা ও মসজিদ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ঢেউয়ের আঘাতে ইতিধ্যেই ইটনা উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়, মিঠামইন উপজেলা রক্ষা বাঁধ, অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম-ইকরদিয়া রাস্তা এক কিলোমিটার সম্পূর্ণ ভেঙে গেছে, ১০ কিলোমিটার মারাত্মক হুমকির সম্মুখীন। এলাকাবাসী জানিয়েছেন, প্রবল ঢেউয়ের আঘাতে মিঠামইনের সরকার হাঁটি, মহিষাকান্দা, কাজীপাড়া, শহিদপুর, মধ্যগোপদিঘী, চরপাড়া, সুতারপাড়া, বড়কান্দা, সুনামপুরসহ ২০টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। বেশ কয়েকটি গ্রামের সামনের অংশ ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। ইটনা উপজেলার চরকাওনা, বড়িবাড়ী, টিয়ারকোনা, শিমুলবাগ, বাদলা, কুর্শি, সিমলা, এলংজুড়ি, কাকটেঙ্গুইর গ্রাম ভাঙনের মুখে রয়েছে। ইটনা নতুন বাজারের কয়েকটি দোকান, চাড়িগ্রাম বাজারের প্রতিরক্ষা দেয়াল, ইটনা নতুন থানা ভবন ভাঙনের হুমকির মুখে পড়েছে। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন প্রথম আলোকে জানান, এবার অনেকটা আগেভাগেই হাওরে পানি এসেছে। হাওরাঞ্চলের মানুষ আফালের (হাওরের বড় বড় ঢেউ) আশঙ্কা করছে। তবে প্রশাসন মানুষের পাশে আছে। সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে তাদের। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, ‘হাওর ভাঙনকবলিত। পরিস্থিতি মোকাবিলায় আমরা সজাগ দৃষ্টি রাখছি।’