এবার ভিসেরা প্রতিবেদনের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মেধাবী স্কুলছাত্রী জাকিয়া আক্তার ওরফে চম্পার (১৪) দ্বিতীয় ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন গতকাল সোমবার আদালতে জমা দেওয়া হয়েছে। তবে ভিসেরার ফল পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত মতামত দেবে চিকিৎসা দল। সদর উপজেলার কানাইপুরের কাশিমাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে রোববার রাতে পুনরায় জাকিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকালে জাকিয়ার দ্বিতীয় ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন এক নম্বর বিচারিক আদালতে জমা দেওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী একটি সিলগালা খামে এ প্রতিবেদন আদালতের বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুদকে দেন। ওই আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে চিকিৎসা দল তাদের পর্যবেক্ষণ লিপিবদ্ধ করলেও কোনো মন্তব্য না করে বলেছে, ঢাকা থেকে ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত মতামত দেওয়া হবে।চিকিৎসা দলের সদস্য ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এস এম খবিরুল ইসলাম বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদনের জন্য আমরা ময়নাতদন্তের উপাত্তসমূহ রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে প্রধান রাসায়নিক পরীক্ষকের কার্যালয়ে পাঠিয়েছি। ভিসেরার ফল পাওয়ার পর আমরা এ ব্যাপারে চূড়ান্ত মতামত দেব।’ জাকিয়ার বড় ভাই হাসিবুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় দফা ময়নাতদন্তের পর রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জাকিয়ার মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের হাতে তুলে দেন। পরে রাত সাড়ে সাতটার দিকে পারিবারিক কবরস্থানে জাকিয়ার দাফন সম্পন্ন করা হয়।’ ১৩ ডিসেম্বর প্রতিবেশী সালাম মাতুব্বরের স্ত্রী পারভীন বেগম জাকিয়াকে কাজ করানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন সোহরাব শেখের মেহগনি বাগানের একটি গাছ থেকে জাকিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ওই দিনই জাকিয়ার ভাই হাসিবুল বাদী হয়ে শামীম মণ্ডল, সালাম মাতুব্বর ও তাঁর স্ত্রী পারভীনসহ ছয়জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।