এবার ভুল করলে জনগণ সরকারকে ক্ষমা করবে না: নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘গত সরকারের সময় আমাদের কিছু ভুল ছিল। কিন্তু এবার আর কোনো ভুল করা যাবে না। এবার ভুল করলে জনগণ আমাদের ক্ষমা করবে না।’
আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করলে, জামায়াতকে ছেড়ে সরকারকে সহযোগিতা করলে, সরকারও বিএনপিকে সহযোগিতা করবে। তিনি বলেন, ‘এবার সবার প্রত্যাশা অনুযায়ী অংশীদারত্বমূলক নির্বাচন আমরা করতে পারিনি, এটা স্বীকার করি। বিএনপি-জামায়াত নৈরাজ্য ও খালেদা জিয়ার অসহযোগিতার জন্য আমরা এটা করতে পারিনি।’
সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলা পূর্বপরিকল্পিত। এর সঙ্গে বিএনপি-জামায়াত শুধু নয়, অন্যরাও জড়িত। জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণাও দেন নাসিম।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির কোনো নেতাকেই ছাড় দেওয়া যাবে না, সুযোগও নেই। বর্তমানে দেশের সব নৈরাজ্যের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তাঁদের ছাড় দিলে জনগণ আমাদের ক্ষমা করবে না।’
প্রধানমন্ত্রীকে ৭৫-এর পরিণতি বরণ করতে হবে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের এমন বক্তব্যের সমালোচনা করে কামরুল বলেন, ‘তিনি দুই দুইবারের ঢাকা বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান। তাঁর মতো এত বড় মাপের আইনজীবীর মুখে প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কথা মানায় না।’
ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, জাসদ নেতা মীর হোসেন আখতার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।