এবার ভুয়া দন্ত চিকিৎসক গ্রেপ্তার
এক ভুয়া দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জাল সনদ জমা দিয়েছিলেন। অভিযোগ পাওয়ার পর তেজগাঁও থানার পুলিশ গতকাল দুপুরে ফিরোজ উদ দৌলা নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করে।ঘটনাটি ঘটেছে রাজধানীর মহাখালী এলাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে। গ্রেপ্তারের আগে এ প্রতিবেদককে ফিরোজ বলেন, মিরপুরে তাঁর নিজের চেম্বার আছে। সেখানে তিনি রোগী দেখতেন। বর্তমানে তিনি চীনের একটি প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে কাজ করছেন। কথার ফাঁকে তিনি জানান, সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত ভুয়া চিকিৎসক ওহাব খান সম্পর্কে খবরটি তিনি পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর জমা দেওয়া কাগজ যাচাই করে বুঝতে পেরেছিল যে, ফিরোজ ভুয়া চিকিৎসক। তারা এটি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে সেখানে হাজির হয়ে তাঁকে ধরে ফেলে।ফিরোজের জমা দেওয়া কাগজে দেখা যায়, তিনি বিডিএস ডিগ্রি নিয়েছেন ঢাকা থেকে এবং ডিডিএস ডিগ্রি নিয়েছেন চীন থেকে। তিনি মুখ ও দাঁতের সার্জন। তিনি চীনের লাওনিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিথি প্রভাষক।ওই হাসপাতালের পরিচালক বলেন, গত সপ্তাহে ফিরোজ দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে নিজের সনদপত্রের ফটোকপি জমা দেন। তাতে ফিরোজের নিবন্ধন নম্বর ২৪৯১। ফিরোজের কিছু আচরণের কারণে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি ফিরোজের দেওয়া কাগজ নিয়ে চিকিৎসক ও দন্ত চিকিৎসকদের নিবন্ধন প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) যান। সেখান থেকে তিনি জানতে পারেন, তাঁর কাগজপত্র ভুয়া, নিবন্ধন নম্বর অন্য একজন দন্ত চিকিৎসকের। ফিরোজ এর প্রতিবাদ করে বলেন, নিশ্চয়ই বিএমডিসির কোনো ভুল হচ্ছে।এই প্রতিবেদক মুঠোফোনে বিএমডিসির মহাসচিব জেড এম বাসুনিয়ার কাছে ২৪৯১ নিবন্ধন নম্বর সম্পর্কে বিস্তারিত জানতে চান। কিছুক্ষণ পর বাসুনিয়া জানান, ওই নিবন্ধনটি মো. শরিফুল ইসলামের। তিনি ২০০৫ সালের অক্টোবরে ডিগ্রি অর্জন করে ২০০৬ সালের ১০ আগস্ট নিবন্ধন নিয়েছেন। ঠিকানা লেখা আছে: গ্রাম-পিপলগঞ্জ, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ। ফিরোজের সনদে ডিগ্রি অর্জন ও নিবন্ধনের তারিখ একই আছে। ঠিকানা লেখা আছে: গ্রাম পোস্ট-সপুরা, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী।হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে ফিরোজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে পুলিশের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে।