এবার ভোটারের ভাবনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও রংপুরের বদরগঞ্জ পৌরসভার সাধারণ ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে এখনো তেমন কোনো ভাবনা নেই। আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ব্যক্তিজীবনের সংকট ও আগের নির্বাচনগুলো সম্পর্কে বিরূপ মনোভাব থেকেই এবার আর নির্বাচন নিয়ে ভাবছেন না ভোটাররা।
পৌরসভার বালুয়াভাটা গ্রামের ভোটার সুখদেব সাহা (৫২) বলেন, ‘ভোট নিয়া ভাবি না। হামার কর্ম হামাকে করি খাবার নাগবে। আগেরটাত (সংসদ নির্বাচনে) হামরা ভোট দেই নাই। তা-ও হইচে। তা হইলে ভোট দেওয়া আর না দেওয়াতে লাভ কী?’
পৌর শহরের ভোটার রতন দাস (৪২) বলেন, ‘দেশে বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট লেগেই আছে। অভাব-অনটনে সংসার পরিচালনায় তাঁরা হিমশিম খাচ্ছেন। ভোট নিয়ে সাধারণ ভোটারদের ভাবনার সময় কোথায়? আর এতে তো তাঁদের কোনো লাভও নাই।’
উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’
উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী বলেন, ‘সরকার স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করার এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। অন্য রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা করেনি। বিগত সংসদ নির্বাচন হয়েছে ভোটারবিহীন। এতে সাধারণ ভোটারদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে ভোট দিই আর না দিই আওয়ামী লীগের প্রার্থীরাই জয়লাভ করবেন। তাই তফসিল ঘোষণার পরেও পৌর নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই।’
এদিকে জেলা ছাত্রলীগের নেতা রেজাউল করিম বলেন, ‘তফসিল ঘোষণার পরেও পৌর নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে এবার কোনো ভাবনা নেই কেন, তা অনেকে জানেন, আমিও জানি।’
বদরগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা বলেন, ‘আমি পরপর তিনবার জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। অতীতে তফসিল ঘোষণার আগেই যেমন ভোট নিয়ে ভোটারদের মধ্যে মাতামাতি দেখতাম, এবার তার ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে ভাবনা অনেক কম।’ এর কারণ তিনি মুখে বলতে পারবেন না বলে জানান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলামের কাছে পৌর নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ না থাকার কারণ জানতে চাইলে তিনি হাসতে হাসতে জানান, এ প্রশ্নের জবাব দিলে নিজেই রাতে নিজের ঘরে থাকতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।