এবার ভোট ছাড়াই বায়রার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট ছাড়াই এবার জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাহী কমিটির নির্বাচন হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবার ১১০ জন প্রার্থী মনোনয়নপত্র নিলেও শেষ পর্যন্ত ৮৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এখন ২৭টি পদের জন্য ২৭ জন প্রার্থী রয়েছেন। ১২ জুলাই তাঁরা বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।
বায়রার নেতারা জানান, প্রতিবার সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ও সম্মিলিত সমন্বয় গণতান্ত্রিক ফ্রন্ট—এ দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা হয়। বর্তমান সভাপতি আবুল বাসারের নেতৃত্বে সমন্বয় ফ্রন্ট এবারও প্যানেল ঠিক করে। আর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত সমন্বয় গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেল-প্রধান হন সাবেক সাংসদ বেনজীর আহমেদ।
একটি অংশের অভিযোগ, নির্বাচনে না দাঁড়ানোর জন্য আবুল বাসারকে প্রভাবশালী মহল থেকে নানাভাবে চাপ দেওয়া হয়। তিনি সরে দাঁড়ালে সমন্বয় ফ্রন্ট মোহাস্মদ ফারুককে প্রধান করে প্যানেল দেয়। কিন্তু চাপের মুখে তিনিও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরপর আবদুল হাইকে প্রধান করে আবার প্যানেল দেওয়ার চেষ্টা করে সমন্বয় ফ্রন্ট। কিন্তু তিনিও পাঁচজন সদস্য বাদে বাকি সবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে কোনো চাপ ছিল কি না, জানতে চাইলে বায়রার সদ্য বিদায়ী সভাপতি আবুল বাসার কোনো মন্তব্য করতে রাজি হননি। আর আবদুল হাই প্রথম আলোকে বলেন, সবাই মিলে একটা সমঝোতা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সম্মিলিত সমন্বয় গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেল-প্রধান সাবেক সাংসদ বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, কাউকে কোনো চাপ দেওয়া হয়নি। সবাই মিলেমিশে আলোচনার ভিত্তিতে এবার একটি কমিটি গঠন করা হচ্ছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বায়রার বর্তমান প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, যতগুলো পদ, ততজন প্রার্থী থাকায় এবার আর ভোটের দরকার নেই। নির্বাচন থেকে জোর করে কাউকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি। যাঁরা প্রত্যাহার করেছেন স্বেচ্ছায় করেছেন। নির্বাচন পরিচালনা বোর্ড আমাকে জানিয়েছে, সবকিছু নিয়মমাফিক ও সুন্দরভাবে হয়েছে।’