এবার ভোটারদের জয় করলেন বিচিত্রা তিরকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই সাহসী ও লড়াকু আদিবাসী নারী বিচিত্রা তিরকি এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটাররা ৬ জুন ইউপি নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রায় সাড়ে ৪০০ ভোটের বড় ব্যবধানে তাঁর কাছে পরাজিত হয়েছেন।বিচিত্রার সাফল্যে খুশি হয়ে আদিবাসীরা এলাকায় আনন্দ মিছিল করেছে। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডি, ওরাঁও আদিবাসীদের দিঘরী পরিষদের রাজা জহরলাল এককা, গোমস্তাপুর উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিউস মুর্মু জানান, নির্বাচনে বিচিত্রার সাহস ও সংগ্রামের জয় হয়েছে। আদিবাসীরা একজন নতুন লড়াকু নেত্রী পেয়েছে। বিচিত্রা তিরকি গরিব, আদিবাসী, বাঙালি নির্বিশেষে সবার কণ্ঠস্বর হয়ে উঠুক, এটাই তাঁদের আশা। বিচিত্রা তিরকি বলেন, ‘বিজয়ের ফলে এই মুহূর্তে মনে হচ্ছে, আমার দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে। জনগণের যে ভালোবাসা পেলাম, তা আমি সুদে-আসলেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।’২০০৯ সালে নওগাঁর পোরশা উপজেলার আদিবাসী গ্রামে প্রভাবশালীরা হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতন চালিয়েছিল। এরই প্রতিবাদে পোরশা থেকে নওগাঁ পর্যন্ত আদিবাসীদের গণপদযাত্রা কর্মসূচিতে এক বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ৩২ কিলোমিটার হেঁটে আলোচিত হয়েছিলেন বিচিত্রা তিরকি। এরপর তিনি এলাকায় প্রভাবশালী জালিয়াতি চক্রের হাত থেকে প্রয়াত স্বামীর প্রায় ৫০ বিঘা জমি উদ্ধারের লড়াইয়ে নেমেও সাফল্য পান। এখন আশপাশের ১০ গ্রামের গরিব-দুঃখী মানুষ নিপীড়ন ও নির্যাতনের শিকার হলে তাঁর শরণাপন্ন হয়। তিনিও সাধ্যমতো তাদের পাশে দাঁড়ান।