এবার মমতার বিরুদ্ধে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন রাজ্যের কংগ্রেস নেতারা। তবে তিস্তার পানি বণ্টন চুক্তি নয়, তাঁরা কথা বলেছেন অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। তাঁরা বলেছেন, তাঁরা চান না রাজ্যে সিপিএমের ঢঙে কোনো দল চলুক।গত শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় ধনেশ্বরপুরে কংগ্রেসের এক প্রতিবাদ সমাবেশে রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, তাঁদের দলের নেতা-কর্মীদের সঙ্গে মমতার দলের কর্মীদের অনেক জায়গায় সংঘর্ষ হয়েছে। তাঁর কাছে এখন এ রকম ৫০টি সংঘর্ষের অভিযোগ এসেছে। তিনি মুখ্যমন্ত্রী মমতার কাছে এসব অভিযোগ জমা দেবেন। প্রয়োজনে সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাবেন।তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা ও সরকার মমতার বিরুদ্ধে কথা বললেও রাজ্যের নেতারা প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফর শেষে বিমানে ফেরার পথে গত বুধবার সাংবাদিকদের বলেছিলেন, মমতাকে এক মাস আগে থেকেই তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানানো হয়েছিল। তাঁর সম্মতি নিয়েই এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর ক্ষুব্ধ হন মমতা। বুধবার অনুষ্ঠিত বৈঠকে তাঁর ছাপও পড়ে। সেখানে মমতা উপস্থিত না থেকে বরং তাঁর প্রতিনিধির মাধ্যমে দাঙ্গা প্রতিরোধসংক্রান্ত খসড়া বিলের বিরুদ্ধে বিজেপির মতো বিরোধিতার পথ নেন। পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের সমাবেশে রাজ্যের সেচমন্ত্রী ও কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি মানস ভূঁইয়া বলেন, ‘আমাদের দলের কোনো কর্মী অন্যায় করলে পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাক। একইভাবে কেউ আমাদের কর্মীদের ওপর অত্যাচার করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে পুলিশকে।’ তিনি বলেন, তাঁর মন্ত্রিত্ব গেলেও তিনি কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদ করে যাবেন।