এবার মরিচে লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহর থেকে ১৬ কিলোমিটার দূরে শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রাম। গ্রামের চারদিকে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ খেত। খেতের আইল ধরে সামনের দিকে যেদিকে চোখ যায় শুধু মরিচ আর মরিচ। তবে শুকনো নয়; কাঁচা। খেত থেকে এসব কাঁচা মরিচ তুলে কৃষকেরা বিক্রির জন্য নিচ্ছেন পাশের কামালপাড়া হাটে।
হাটে গিয়ে দেখা যায়, মরিচের প্রচুর আমদানি। কৃষক খেত থেকে তুলে বস্তায় ভরে তা নিয়ে এসেছেন হাটে। এভাবে কাঁচা মরিচে বগুড়ার মাঠ-হাট সয়লাব। এর পরও কৃষকের মুখে হাসি নেই। কারণ একটাই। ফলন ভালো হলেও বাজারে ক্রেতা নেই। অবরোধের কারণে কোনো পাইকার আসছেন না হাটে। এ কারণে মরিচ সস্তায় বিক্রি করতে হচ্ছে। মরিচ বিক্রি করে অনেক কৃষকের উৎপাদন খরচই উঠছে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় মরিচের চাষ সবচেয়ে বেশি হয়। এর মধ্যে শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার কৃষকেরা কাঁচা মরিচ বিক্রি করেন। এবার গোটা জেলায় আট হাজার ৩৮৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। টানা হরতাল-অবরোধের আগে মৌসুমের প্রথম দিকে এক মণ মরিচের দাম ছিল আড়াই হাজার টাকারও ওপরে। আর এখন বাজারে ৪৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
গতকাল রোববার জালশুকা গ্রাম পেরিয়ে খাওড়া বিলের মাঠে গিয়ে দেখা গেল, নারী শ্রমিকেরা মরিচ তোলার কাজে ব্যস্ত। একজন নারী জানান, মরিচ তুলে দেওয়ার জন্য শতকপ্রতি তাঁদের ১১০ টাকা করে দেওয়া হচ্ছে।
জালশুকা গ্রামের কৃষক খাদেমুল ইসলাম বলেন, ‘২০ শতক জমিত মরিচ লাগাচি। শতকে এক মণ ফলন হচ্চে। কিন্তু কিনবার লোক নাই। দাম পাচ্চি না। গত বছরত এক মণ ঝাল (কাঁচা মরিচ) আড়াই হাজার টেকায় ব্যাচপার পারিচি। সেই ঝাল এবার বেচা লাগিচ্চে ৩০০ টেকা মণ দামে। খরচ উঠিচ্চে না।’
খাওয়া সাঁকোর পাশের মাঠে মরিচখেতে কাজ করছিলেন জালশুকা গ্রামের চাষি মামনুর রশীদ। তিনি বলেন, ‘হরতালের জন্যি হামাকেরে পিঠ এক্কেবারে ঠেকে গেচে। দ্যাশের এল্লা কারবারের মধ্যে আবাদ করবার য্যায়া হামরায় মাঠে মারা গেচি। কষ্ট করে ফসল আবাদ করেও হাটত লিয়ে ব্যাচপার পারিচ্চি না।’
মামুনুর রশীদ লোকসানের বর্ণনা দিয়ে বলেন, ‘আট মাস আগে ৮৭ শতক জমিত পিঁয়াজ আবাদ করে ৪০ হাজার টেকা লাভ করিচি। দ্যাশত গন্ডগোল লাগার পর সেই জমিত পেঁপে আবাদ করবার য্যায়া ১০ হাজার টেকা লোকসান দিচি। তারপর মরিচ চাষ করিচি। ফলন ভালোই হচে। কিন্তু দাম পাচ্চি না। হরতাল হামাগরক (আমাদের) পথত বসাচ্চে।’
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এক শতকে মরিচ উৎপাদনের খরচ ৫৬৫ টাকা। এক শতকে এক মণ মরিচ উৎপাদন করা হয়। এক মণ মরিচ বিক্রি করে পাওয়া যায় ৪৫০ টাকা। সে হিসাবে প্রতি শতকে কৃষকের ১১৫ ও বিঘায় তিন হাজার ৭৯৫ টাকা লোকসান হচ্ছে। হরতাল-অবরোধ শুরু হওয়ার আগে প্রতি মণ মরিচ আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ন ম বজলুর রশীদ জানান, বগুড়ায় মরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় কৃষকেরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।