এবার মর্যাদার আসনে দেশের পাট
গত পাঁচ বছরে বহুমুখী পাটপণ্যের রপ্তানি দ্বিগুণ হয়েছে। বাংলাদেশের পাটের তৈরি আধুনিক বিলাস সামগ্রী এখন ব্যবহৃত হচ্ছে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লসের বাসায়। স্পেন ও নেদারল্যান্ডসের রানির হাতে পৌঁছে গেছে পাটের তৈরি বাহারি ব্যাগ।
২০১১ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ১৫ হাজার অংশগ্রহণকারীর হাতে যে আকর্ষণীয় ডিজাইনের পাটের ব্যাগ তুলে দেওয়া হয়েছিল, সেগুলোও গিয়েছিল বাংলাদেশ থেকে। পরিবেশ–বান্ধব পণ্য হিসেবে বিশ্বের বেশির ভাগ পরিবেশ– বিষয়ক সম্মেলনে পাটের ব্যাগ ব্যবহৃত হচ্ছে। এগুলোর বেশির ভাগই যাচ্ছে বাংলাদেশ থেকে।
গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাট বিল-২০১৭ উত্থাপনের সময় স্পিকার মন্ত্রণালয়ের কাছে পাটের শাড়ি চেয়েছিলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্পিকারের সেই আবদার পূরণ করেছে। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাতে পাটের শাড়ি, জুতা ও ব্যাগ তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘বহুমুখী পাটপণ্য তৈরির জন্য আমাদের এখানে কাঁচামালের সংকট ছিল। সরকারি উদ্যোগে করিম জুট মিলে একটি স্বতন্ত্র ইউনিট তৈরি হচ্ছে। সেখানে পাটের শপিং ব্যাগ, শৌখিন এবং আসবাব সামগ্রী তৈরির কাঁচামাল উৎপাদিত হবে। ফলে আগামী কয়েক বছরের মধ্যে বহুমুখী পাটপণ্যের রপ্তানি আরও অনেক বাড়বে।’
একসময় দড়ি, চট, ছালা, বাজারের ব্যাগ বা বস্তার মতো সস্তা পণ্যের মধ্যে সীমিত ছিল পাটের ব্যবহার। সেই পাট এখন বিশ্বের নামীদামি গাড়ি তৈরির কোম্পানি বিএমডব্লিউর সর্বাধুনিক আই থ্রি মডেলের ইলেকট্রিক গাড়ির ভেতরের বাক্স, বডি ও অন্যান্য উপাদান তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর তা রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। জার্মানির ভক্সওয়াগন, জাপানের নিশান ও টয়োটা গাড়ির বডি তৈরির কাঁচামাল হিসেবেও বাংলাদেশের পাটের সমাদর রয়েছে।
পাটের শপিং ব্যাগ, বাসাবাড়ির আসবাব সামগ্রী, বাগানে ব্যবহৃত শৌখিন সামগ্রী থেকে শুরু করে শাড়ি, সালোয়ার কামিজ, স্যুট, শার্ট, প্যান্ট এমনকি জিন্স বা ডেনিমও বাংলাদেশের পাট থেকে তৈরি হচ্ছে। রপ্তানি হচ্ছে বিশ্বের ১৩০টির বেশি দেশে।
বহুমুখী পাটপণ্যের কাঁচামাল উৎপাদনের সবচেয়ে বড় কারখানা জনতা জুট মিলের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘বিশ্বে পাটের বাহারি ব্যাগ ও শপিং ব্যাগের কয়েক বিলিয়ন ডলারের বাজার আছে, যার বেশির ভাগই ভারতীয় উদ্যোক্তারা নিয়ন্ত্রণ করছেন। তাঁরা আমাদের দেশ থেকে কাঁচা পাট কিনে তা প্রক্রিয়াজাত করে ভালো ডিজাইন ও নকশার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে বিক্রি করছেন। আমরা মাত্র এই বাজারে প্রবেশ করতে শুরু করেছি। এই খাতে যদি সরকারের সহায়তা থাকে, ভালো বিনিয়োগ হয়, তাহলে খুব দ্রুত রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব।’
তবে পাটের এই সুদিন ফিরে আসতে এখানকার উদ্যোক্তাদের অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। বৈশ্বিক পরিস্থিতিতে নানা পালাবদলে পাটের বাজারে ওঠানামা হয়েছে। প্লাস্টিকের ব্যাগ ও সামগ্রীর দাপটে আশি ও নব্বইয়ের দশকে চটের ব্যাগের বাজার হারিয়েছিল বাংলাদেশ। নব্বইয়ের দশকের শেষে পাটসুতা দিয়ে বিশ্ববাজারে আবার জায়গা করে নেয় বাংলাদেশ। গত বছর পাট ও পাটপণ্যের রপ্তানি সাড়ে সাত হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

পাঁচ-ছয় বছর ধরে বহুমুখী পাটপণ্যের হাত ধরে বাংলাদেশের পাটপণ্য বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। বহুমুখী পাটপণ্য উৎপাদনে উৎসাহ দিতে ইতিমধ্যে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পুনর্গঠন করা হয়েছে। গত পাঁচ বছরে বহুমুখী পাটপণ্যের রপ্তানি দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০১২ সালে বাংলাদেশ থেকে বহুমুখী পাটপণ্য রপ্তানি হয়েছে ৩৭০ কোটি টাকার। ২০১৬ সালে তা বেড়ে ৭০০ কোটি টাকা হয়েছে। এ বছর তা ৮০০ কোটি টাকা ছুঁতে পারে বলে মনে করছেন এই খাতের উদ্যোক্তারা।
এ ব্যাপারে জেডিপিসির নির্বাহী পরিচালক নাসিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘দেশের প্রায় ৪০০ ছোট-বড় প্রতিষ্ঠান বহুমুখী পাটপণ্য উৎপাদনে এগিয়ে এসেছে। যার ৭০ শতাংশ উদ্যোক্তা, নকশাকার ও শ্রমিক হচ্ছেন নারী। মণিপুরিপাড়ায় বহুমুখী পাটপণ্য বিক্রির একটি বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে পাট থেকে তৈরি ১৩১ রকমের আকর্ষণীয় সামগ্রী আমরা বিক্রি করছি।’
পাটবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের হিসাব অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রতিবছর পাঁচ হাজার কোটি পিস শপিং ব্যাগের চাহিদা রয়েছে। গত বছর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে যে বিশ্ব জলবায়ু চুক্তি হয়েছে, তাতে বেশির ভাগ দেশ পর্যায়ক্রমে প্রাকৃতিক আশনির্ভর পণ্যের ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক প্রাকৃতিক আঁশ সমিতির হিসাব অনুযায়ী, ২০২০ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই দেড় হাজার কোটি ডলারের শপিং ব্যাগের বাজার তৈরি হবে।
এ ব্যাপারে দেশের শীর্ষ বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম প্রথম আলোকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যেসব আন্তর্জাতিক মেলা হয় সেখানে বাংলাদেশ অংশ নিয়ে পাটপণ্য তুলে ধরতে পারে। পাটের তৈরি নতুন নতুন পণ্য উদ্ভাবনের জন্য গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুললে বাংলাদেশ খুব দ্রুত বহুমুখী পাটপণ্যের আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দিতে পারবে।