মেয়র নাছিরের সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের সংবাদ সম্মেলন
এবার মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীর হত্যার বিচার দাবি

সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী সাহেদা মহিউদ্দিন এবং তাঁর বাসার গৃহকর্মী বানু হত্যার বিচার চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলররা। ১৯৮৬ সালের ১৯ অক্টোবর চট্টগ্রাম নগরের চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসায় বোমা বিস্ফোরণে মারা যান তাঁর প্রথম স্ত্রী সাহেদা মহিউদ্দিন ও গৃহকর্মী বানু। ওই ঘটনার প্রায় ৩১ বছর পর বিচারের দাবি তুলেছেন সিটি করপোরেশনের ৫১ জন কাউন্সিলর।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ‘কাউন্সিলর, চট্টগ্রাম সিটি করপোরেশন’ এই ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন করেন তাঁরা। এতে সিটি করপোরেশনের ৫৫ কাউন্সিলরের মধ্যে ৫১ জন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
মেয়র নাছির ‘১২ জনকে খুন করেছেন’ গত সোমবার লালদীঘির সমাবেশে মহিউদ্দিন চৌধুরীর তোলা এই অভিযোগেরও প্রমাণ চেয়েছেন কাউন্সিলররা। একই সঙ্গে ১২ জনের নাম-ঠিকানাও জানতে চেয়েছেন তাঁরা।
মহিউদ্দিন চৌধুরী এখন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি। একই কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এদিকে কাউন্সিলরদের তোলা অভিযোগের বিষয়ে মহিউদ্দিন চৌধুরী মুঠোফোনে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কোথাকার কে কী বলল, সেটারও কি জবাব দিতে হবে?’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪ সাল থেকে একটানা ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি আত্মীয়স্বজন ও অস্থায়ী লোক নিয়োগ দিয়েছেন এবং নিয়মনীতির তোয়াক্কা না করে অনেক পদে স্থায়ী নিয়োগ দিয়েছেন। আয়বর্ধক প্রকল্পের নামে ওষুধ, রং, টিউবলাইট, লাকড়ি তৈরি, বিদ্যুৎ ও পানি উৎপাদন কারখানা গড়ে তোলা হলেও একটিও লাভের মুখ দেখেনি। অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন কাউন্সিলররা।
গৃহকর প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮৫ সাল থেকে ১৭ শতাংশ গৃহকর চালু আছে। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মনজুর আলমের সময়েও ১৭ শতাংশ হারে গৃহকর আদায় করা হয়। তাই বর্তমানে গৃহকর বৃদ্ধি করা হয়েছে, এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাহেদা মহিউদ্দিন, গৃহকর্মী বানু, আওয়ামী লীগের কর্মী সন্তোষ, রবি ও ওয়াজিউল্লাহ হত্যারও বিচার চান কাউন্সিলররা।
এ বিষয়ে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রথম আলোকে বলেন, সাহেদা মহিউদ্দিনসহ ওই পাঁচজন এরশাদ শাসনামলের বিভিন্ন সময়ে বোমা বিস্ফোরণে মারা যান। তাঁদের মৃত্যু রহস্যজনক। সন্তোষ, রবি ও ওয়াজিউল্লাহও মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। এ বিষয়ে তদন্ত প্রয়োজন।
কাউন্সিলরদের সংবাদ সম্মেলনের বিষয়ে মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে নগরের বেহাল চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর প্রশংসা করেছেন। তাহলে ওয়ার্ড কাউন্সিলররা মহিউদ্দিন চৌধুরীকে ব্যর্থ প্রমাণ করতে গিয়ে কি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন? দুই নেতার বিবাদে তাঁরা কেন জড়ালেন?’
গতকালের সংবাদ সম্মেলনে অংশ নেননি পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি দুই শীর্ষ নেতার ব্যক্তিগত বিষয়। সেখানে আমাদের জড়ানো ঠিক না। তাই সংবাদ সম্মেলনে যাইনি।’