এবার মাগুরায় প্রথম আলোর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে প্রথম আলোর বিরুদ্ধে গত রোববার মানহানির মামলা করা হয়েছে। গত ২২ অক্টোবর প্রকাশিত ‘ফরিদপুরে মন্ত্রীর ভাই-ই সব’ শীর্ষক সরেজমিন প্রতিবেদন প্রকাশ হওয়ায় ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন মামলাটি করেন। এ নিয়ে ফরিদপুরের তিনটি খবরে পাঁচটি মামলা করা হলো।মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং প্রতিবেদক তানভীর সোহেলকে আসামি করা হয়েছে। হাকিম সোহানী পুষণ মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।মামলায় আসামিদের বিরুদ্ধে মোট ছয় কোটি টাকা মানহানির অভিযোগ আনা হয়। মামলায় বাদী অভিযোগ করেন, তিনি ব্যবসায়িক কাজে ফরিদপুর থেকে মাগুরায় আসেন। গত ২২ অক্টোবর ফরিদপুর ফেরার পথে মাগুরা শহরের সাতদোহা বাজার এলাকায় উজ্জ্বল কুমার বিশ্বাস নামের এক ব্যবসায়ীর দোকানে প্রথম আলোয় প্রকাশিত ‘ফরিদপুরে মন্ত্রীর ভাই-ই সব’ শিরোনামে প্রতিবেদনটি দেখেন। ওই প্রতিবেদনে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন ওরফে বাবরকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়। মোহতেশাম হোসেন তাঁর (বাদীর) নেতা। তাঁকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর ওই মিথ্যা সংবাদ প্রকাশ করায় তিনি দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন। এতে তাঁর নেতার (বাবরের) পাঁচ কোটি টাকা এবং নেতার কর্মী-সমর্থক হিসেবে তাঁর নিজের এক কোটি টাকার মানহানি হয়েছে।আদালত গত রোববার দুপুরে মামলাটি আমলে নিলেও পরে আদেশ দেবেন বলে রেখে দেন। গতকাল সোমবার আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। বাদীর আইনজীবী সমশের আলী প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করেছেন। তবে এখনো মামলায় নম্বর পড়েনি। মাগুরার সরকারি কৌশলী (পিপি) রমেশ চন্দ্র সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।ফরিদপুর নিয়ে তিনটি সরেজিমন প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এর আগে আরও চারটি মামলা করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। এর মধ্যে ফরিদপুরে তিনটি ও শরীয়তপুর আদালতে একটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় আদালত সমন জারি করেছে। আর একটি মামলায় সমন জারি না করে শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।