এবার মাতব্বরদের সিদ্ধান্তে দিনমজুর পরিবার ঘরছাড়া!
অসামাজিক কাজে জড়িত অভিযোগে একটি পরিবারকে ঘর থেকে বের করে দিয়েছে গ্রাম্য মাতব্বরেরা। তাঁরা সালিস-বৈঠকের আয়োজন করে পরিবারটিকে শর্তসাপেক্ষে গ্রামছাড়া করার সিদ্ধান্ত দেন। এ কারণে নয় দিন ধরে পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে শিবপুর কৈগাড়ি আদর্শ গ্রামে ১২ আগস্ট এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা দিনমজুর বিনছের আলীর পরিবারকে গ্রাম্য মাতব্বরেরা ঘর থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তিনি ১৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১২ আগস্ট সন্ধ্যা সাতটায় শিবপুর গ্রামের মাতব্বর শুকটা মিয়া, ধলামিয়া, আবদুল হামিদ, মহসীন আলী, বাদল মিয়া, ছোবহান মিয়া ও জাহেরা বিবি দিনমজুর বিনছের আলীর অনুপস্থিতিতে তাঁর স্ত্রী চাম্পা বেগমকে জোরপূর্বক ঘর থেকে বের করে দেন। পরে তাঁরা ওই ঘর তালাবদ্ধ করে রাখেন।চাম্পা বেগম অভিযোগ করেন, অসামাজিক কাজের কথিত অভিযোগ তুলে বিনছের আলীর বিচার করার জন্য শুকটা মিয়া, ধলামিয়া, আবদুল হামিদ, মহসীন আলী, বাদল মিয়া, ছোবহান মিয়া ও জাহেরা বিবি ১২ আগস্ট সালিস-বৈঠকের আয়োজন করেন। আদর্শ গ্রামে বেনছির আলীর ঘরের সামনে এ বৈঠক হয়। এতে মাতব্বরেরা সিদ্ধান্ত দেন, চাম্পা বেগম তাঁর স্বামী বিনছেরকে তালাক দিলে ঘরের তালা খুলে দেওয়া হবে; অন্যথায় স্বামীসহ তাঁকে গ্রামছাড়া করা হবে।বর্তমানে বিনছের আলী ওই গ্রামের আবদুর রহমানের বাড়ি এবং চাম্পা একই গ্রামের কাদেরের বাড়িতে আশ্রয় নিয়েছেন।আশ্রয়দাতা আবদুর রহমান ও আবদুল কাদের জানান, বিনছেরের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ সত্য কি না জানি না। তবে ঘরে তালা দিয়ে রাখার বিষয়টি অমানবিক। ঘরে ঢুকতে না পারায় তাঁরা বিনছের, তাঁর স্ত্রী চাম্পা বেগম ও তাঁর সন্তানেরা এখন তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছে। বিনছেরের পরিবারের সদস্যরা এখন মানবেতর জীবন যাপন করছে। ঘরে ফেরার ব্যাপারে ওই পরিবারকে সহায়তা করা উচিত।মাতব্বরদের মধ্যে ধলামিয়া বলেন, ‘বিনছের আলী অসামাজিক কাজ করেছে। এ জন্য আমরা গ্রামের কয়েকজন মিলে শর্তসাপেক্ষে তাঁর ঘরে তালা দিয়েছি। তাঁর স্ত্রীকে শর্ত দেওয়া হয়েছে স্বামীকে তালাক দেওয়ার জন্য। তাঁরা তা মেনে নিলে তালা খুলে দেওয়া হবে।’ইউএনও রুহুল আমিন মিঞা বলেন, অভিযোগ পেয়ে আলমপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরু মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কিন্তু বিষয়টি সুরাহা হয়নি। ২০ আগস্ট ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।