এবার মাদ্রাসা শিক্ষকেরা আমরণ অনশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেছেন ওই সব মাদ্রাসার শিক্ষকেরা। টানা অবস্থান কর্মসূচির নবম দিনের মাথায় আজ বেলা ১১টার দিকে তাঁরা অনশন শুরু করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের সভাপতি রুহুল আমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আজ তারা এ কর্মসূচি শুরু করেছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন।

অনশনস্থলে গিয়ে দেখা যায়, জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাত ও রাস্তার একাংশে শিক্ষকেরা শুয়ে-বসে অনশন করছেন। এর মাঝে শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা দেওয়া হচ্ছে।

এদিকে টানা অবস্থান কর্মসূচির কারণে অসুস্থ হয়ে পাঁচজন শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে তাঁরা হাসপাতালে আসেন। এই শিক্ষকেরা হলেন আলামিন (৪০), আসমা বেগম (৫৮), শামসুল আলম (৪৭), এনামুল (৫২) ও রুহুল আমিন (৩৫)। 

নিবন্ধনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। আজ এটা অনশনে রূপ নিল।

সারা দেশে মাদ্রাসা বোর্ড থেকে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৮ হাজার ১৯৪টি হলেও চালু আছে ১০ হাজারের মতো। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে কিছু ভাতা পান। প্রধান শিক্ষকেরা মাসে আড়াই হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা পান ২ হাজার ৩০০ টাকা। অন্যরা সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না।