এবার মানুষ ভালোভাবেই ঈদ করেছে: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার মানুষ ভালোভাবেই ঈদ উদ্যাপন করতে পেরেছে। জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই ছিল। প্রচুরসংখ্যক কোরবানিই প্রমাণ করে, মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। গত সোমবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ঈদে এবার মানুষের বাড়ি যেতে কোনো অসুবিধা হয়নি। জনগণ ভালোভাবেই তাদের গন্তব্যে যেতে পেরেছে। এবার রাস্তা ভাঙা বা খারাপ—এসব শুনতে হয়নি। তবে শেষ দিকে রাস্তায় কিছুটা যানজট ছিল। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ট্রেনের সময়সূচি অনুসরণ করতে কিছুটা অসুবিধা হয়েছে। তবে শেষ দিকে তা আবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী গণভবনে প্রথমেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ব্যবসায়ী প্রতিনিধিদল, কূটনীতিক, বিচারপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, বেসামরিক-সামরিক কর্মকর্তা, কবি-সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।