এবার মাহফুজ আনামের বিরুদ্ধে ঝালকাঠিতে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহ্ফুজ আনাম
মাহ্ফুজ আনাম

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এবার সমন জারি হলো ঝালকাঠিতে। পাঁচ​ কোটি টাকার মানহানির অভিযোগে করা একটি মামলায় তাঁকে হাজির হতে আজ মঙ্গলবার এ সমন জারি করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহেদ আহমেদ। মাহফুজ আনামকে আগামী ৩১ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে।
এর আগে গতকাল সোমবার ফরিদপুর ও মাগুরায় করা মানহানির দুটি মামলায়ও তাঁর বিরুদ্ধে সমন জারি হয়।

গত ১৬ ফেব্রুয়ারি ঝালকাঠিতে মানহানির এই মামলাটি করেন জেলা সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক উপদেষ্টা বরিন আমিন বাকলাই। তিনি নিজেই মামলাটির আইনজীবী। সেখানে পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়। ওই দিন আদালত ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ২৩ ফেব্রুয়ারি (আজ) প্রতিবেদন জমা দিতে বলেন।
মামলার বাদী জানান, তথ্য কর্মকর্তার দেওয়া প্রতি​বেদন মামলার পক্ষে যাওয়ায় আদালত এই সমন জারি করেন।

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে গতকাল সোমবার পর্যন্ত ১৪ দিনে দেশের বিভিন্ন স্থানে মোট ৭৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২১টি মামলা করা হয়েছে। আর মানহানির মামলাগুলোর মধ্যে ৫১টিতে ১ লাখ ২২ হাজার ৪৭০ কোটি ৫৫ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রায় সব কটি মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কৌঁসুলি।