এবার মায়ের মামলা ছেলের স্ত্রীর দিকে অভিযোগের তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় আওয়ামী লীগের কর্মী রাসেল মিয়া (২৮) খুনের ঘটনায় এবার মা রহিমা বেওয়া ছেলের স্ত্রীসহ পাঁচজনকে অভিযুক্ত করে গতকাল বুধবার আদালতে একটি হত্যা মামলা করেছেন। এর আগে গত ২৭ মে রাসেলের স্ত্রী শিল্পী বেগম (২৩) বাদী হয়ে তাঁর (রাসেল) ভগ্নিপতিকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
রহিমার মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাসেলের মৃত্যুর ঘটনায় তাঁরই (রাসেল) স্ত্রী শিল্পী জড়িত রয়েছেন। প্রকৃত ঘটনা ধামাচাপা বা ভিন্ন খাতে প্রবাহের জন্য তড়িঘড়ি করে তিনি (শিল্পী) থানায় একটি মামলা করেন। ওই মামলায় একই বাড়িতে বসবাস করা রাসেলের ভগ্নিপতি স্কুলশিক্ষক ও নিউ নেশন পত্রিকার সাংবাদিক মকবুল হোসেনকে জড়ানো হয়েছে।
প্রসংগত গত ২৬ মে রাতে দুর্বৃত্তরা রাসেলকে খুন করে বাড়ির পাশের খেতে ফেলে রাখে। পরদিন সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই হত্যার ঘটনায় মকবুলকে পুলিশ প্রথমে আটক ও পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। সেই সঙ্গে খুনের অভিযোগে আবদুল জব্বার (৩৮) ও রাসেলের স্ত্রীর সঙ্গে সখ্য থাকা জীবন মিয়াকেও (২৫) গ্রেপ্তার করে পুলিশ। এই হত্যার পাঁচ দিন পর গতকাল রহিমা বাদী হয়ে শিল্পী, জীবন, জব্বারসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।
রহিমার মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, রাসেলের অনুপস্থিতিতে জীবন একাকী রাসেলের ঘরে আসতেন। এ নিয়ে রহিমার সঙ্গে শিল্পীর প্রায়ই বিবাদ লেগে থাকত। এরই জের ধরে ছেলেকে হত্যা করা হয়েছে।
মামলা দায়েরের পর আদালতের বিচারক আগের মামলার সঙ্গে এই মামলা যুক্ত করে পীরগাছা থানার পুলিশকে তদন্ত করার জন্য নির্দেশ দেন।
রহিমা বলেন, ‘আমার জামাই (মকবুল) নিরপরাধ। শান্ত ছেলে। এত বড় একটি ঘটনা আমার জামাই করতে পারে না।’ মকবুলের স্ত্রী রুনা লায়লা বলেন, ‘রাসেল নিখোঁজের ঘটনা সকালে জানতে পারি শিল্পীর কাছে। এরপর প্রকৃত ঘটনা জানাজানি হলে আমাদের না জানিয়ে তড়িঘড়ি করে থানায় একটি সাজানো মামলা করেন শিল্পী। আমি ঘটনার তদন্ত চাই। সাজানো মামলা থেকে আমার স্বামীকে বাদ দিয়ে আমার ভাই হত্যার মূল রহস্য বের করার দাবি জানাই।’
এ ব্যাপারে জানতে শিল্পীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে।