এবার মিষ্টি নিয়ে ছাত্রলীগের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার মিষ্টি বিতরণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টায় ওই বিভাগের শিক্ষক আবু সালেহ সেকেন্দারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করছিলেন ছাত্রলীগের কর্মী রিয়াদ হোসেন। মিষ্টি বিতরণে দেরি হওয়ায় তাঁকে চড় মারেন ছাত্রলীগের আরেকজন কর্মী শাকিল। পরে রিয়াদ তাঁর পক্ষের ১০-১২ জন ছাত্রলীগের কর্মীকে ডেকে এনে শাকিলের ওপর হামলা চালান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ দাবি করেন, মিষ্টি বিতরণ নিয়ে মারামারির সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত ছিলেন না। সাধারণ ছাত্রদের মধ্যে এ মারামারি হয়েছে। এর আগের দিন রোববার ফাও খেতে না দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যানটিনের সহকারী পরিচালক আলতাফ উদ্দিনকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। দাবি মানায় শিক্ষার্থীদের আনন্দমিছিল: দাবি মেনে নেওয়ায় আনন্দমিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। তাঁরা রং ছিটিয়ে, বাঁশি বাজিয়ে উল্লাস প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নেওয়া উন্নয়ন ফি বাতিলের দাবিতে ৩ জানুয়ারি থেকে প্রগতিশীল ছাত্রজোট আন্দোলন শুরু করে। পরে এর সঙ্গে যুক্ত হন সাধারণ শিক্ষার্থীরাও। টানা আন্দোলনের পর গত রোববার শিক্ষার্থীদের দাবি আংশিক মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উন্নয়ন ফি পাঁচ হাজারের স্থলে তিন হাজার টাকা নেওয়া হবে বলে ঘোষণা দেন উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ।