এবার মিয়ানমারে পাচার হচ্ছে চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিমের পর এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমারে চাল পাচার হচ্ছে। মিয়ানমারে দাম দ্বিগুণ হওয়ায় চোরাইপথে চাল পাচার বেড়েই চলেছে। চলতি মাসের শুরু থেকে গত মঙ্গলবার পর্যন্ত পাচারকালে সাড়ে ৪২ হাজার কেজি চাল জব্দ করেছেন বিজিবির সদস্যরা। বাংলাদেশে আটকে পড়া মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী জানান, সে দেশে সাম্প্রতিক দাঙ্গার পর খাদ্যসংকট দেখা দিয়েছে। এখনো মুসলিম সম্প্রদায়ের লোকজন দোকানপাট খুলতে পারছেন না। সে কারণে বাংলাদেশ থেকে চোরাইপথে চাল নিয়ে মিয়ানমারের ব্যবসায়ীরা গ্রামের বাড়িতে মজুদ রেখে চড়া দামে বিক্রি করছেন।বর্তমানে মিয়ানমারে প্রতি কেজি চাল ৬৫-৭৫ (মিয়ানমারের ৬৫০-৭৫০ কিয়েট) টাকায় বিক্রি হচ্ছে। সেই চালই দেশে ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়। খোঁজ নিয়ে জানা যায়, টেকনাফের কমপক্ষে ২০টি পয়েন্ট দিয়ে চাল পাচার হচ্ছে। এসব পয়েন্টে পুলিশের নাম ভাঙিয়ে কিছু লোক টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। প্রতি বস্তা (৫০ কেজি) চালের বিপরীতে ১০০ টাকা করে আদায় করছেন তাঁরা। পুলিশের নাম ভাঙিয়ে টাকা আদায় করা এমন এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পুলিশের এক কনস্টেবল নিজেকে থানা-পুলিশের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে ১৫ থেকে ৪০ হাজার টাকা করে প্রতি মাসে নিয়ে যাচ্ছেন।’টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, কেউ পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগেও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিলবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ২ জুলাই মিয়ানমারে পাচারকালে হ্নীলার মোচনি এলাকা থেকে ২২ হাজার ৮৫০ কেজি (৪৫৭ বস্তা) চালসহ একটি নৌকা জব্দ করা হয়। ৩ জুলাই হ্নীলার জালিয়াপাড়া থেকে এক হাজার ১০০ কেজি, ৪ জুলাই লেদা থেকে ২০০ কেজি, ৫ জুলাই লেদা এলাকা থেকে ১৬ হাজার ১৫০ কেজি, ৬ জুলাই জালিয়াপাড়া ও নাটমুরাপাড়া এলাকা থেকে ৪৭৫ কেজি, ৭ জুলাই দমদমিয়া থেকে ১৯০ কেজি, ৮ জুলাই দমদমিয়া ও নয়াপাড়া থেকে ৮৮৩ কেজি, ৯ জুলাই লেদা এলাকা থেকে ২৫০ কেজি ও ১০ জুলাই হোয়াইক্যং এলাকা থেকে ৪৮৫ কেজি চাল জব্দ করা হয়েছে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে হঠাৎ করে মিয়ানমারে চাল পাচার বেড়ে গেছে। পাচারকালে বিজিবির জওয়ানেরা ৪২ হাজার ৫৮৩ কেজি (প্রায় ৮৫০ বস্তা) চালসহ কয়েকজন পাচারকারীকে আটক করেছেন।