এবার মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে জামায়াতের সন্দেহ
এবার একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ৩০ লাখ শহীদের নাম প্রকাশ করতে প্রকল্প গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আর এর জন্য টাকা লাগলে তা জোগাড় করে দেওয়ার কথাও বলেন তিনি।গতকাল বুধবার বিকেলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ কথা বলেন। তিনি বলেন, ‘৩০ লাখ লোক শহীদ হয়েছেন বলা হয়। এর জন্য কি শুধুই নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লাসহ পাঁচজন লোক দায়ী? আপনারা এই ৩০ লাখ শহীদের নাম প্রকাশ করুন। বাংলাদেশের মানুষ জানতে চায়, কারা কারা এ দেশের জন্য জীবন দিয়েছেন। আপনারা নাম প্রকাশ করার জন্য প্রকল্প গ্রহণ করুন। এর জন্য টাকা লাগলে আমরা জোগাড় করে দেব।’মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা রাখে জামায়াত। তখন পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করা ছাড়াও মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে দলটির অনেক নেতার বিরুদ্ধে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এখন এ নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে জামায়াতের পাঁচজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।এ প্রসঙ্গে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘যাঁরা ট্রাইব্যুনালে আছেন, তাঁরা কখন, কোন দল করেছেন, আমাদের জানা আছে। আমরা সময়মতো তা প্রকাশ করব। আমাদের বিরুদ্ধের দলের লোকদের ট্রাইব্যুনালে বসিয়ে ন্যায়বিচার করা যাবে না।’ তিনি বলেন, পত্রিকার পাতা খুললে নিজামীকে অপরাধী মনে হয়। তবে জনগণের কাছে তিনি অপরাধী নন।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমাদের নেতাদের কেন গ্রেপ্তার করা হয়েছে, আমরা তা ভালো করেই জানি।...দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধ কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্যই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’এ ছাড়া আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ বক্তব্য দেন।