এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের মৃত্যুদণ্ড প্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, নজরুল ইসলাম (৫১) নামের ওই বন্দীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এর এক দিন আগে কাশিমপুর কারাগার-২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দী হাসপাতালে মারা যান।

মারা যাওয়া বন্দী নজরুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর থানার দুলালী এলাকার রমজান আলীর ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী জাহিদ হোসেন (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে। জাহিদ হোসেন ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. বিকাশ রায়হান জানান, নজরুল ইসলামের হৃদ্‌রোগ ছিল। তিনি গতকাল দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম ২০১২ সালের আক্কেলপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৭ সালের ২৫ জুলাই তাঁকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আনা হয়।