এবার মৃত্যুর সঙ্গে লড়াই নিলুফারের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে শুয়ে আছেন নিলুফার ইয়াসমীন। পুরো শরীর ব্যান্ডেজে মোড়া। মুখটাও আগুনে ঝলসানো। একেবারে কাছে গেলে শ্বাস-প্রশ্বাসের ওঠানামা আর গলার ঘড়ঘড় শব্দ শুনে বোঝা যায় তিনি এখনো বেঁচে আছেন।গত বৃহস্পতিবার যখন নিলুফারকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখন থেকেই তাঁর যুদ্ধ মৃত্যুর সঙ্গে। পরিবারের দাবি, এর আগে দুই বছর স্বামী-শাশুড়ির সঙ্গে এক ধরনের যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়েছে তাঁকে। সেই যুদ্ধ কি এর চেয়েও ভয়াবহ ছিল—এমন প্রশ্নের জবাব দেওয়ার অবস্থা নিলুফারের নেই। শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক আবদুল হান্নান জানান, ‘শরীরের ১৫ শতাংশ পুড়ে গেলেই রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে ধরে নিই আমরা। নিলুফারের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত।’ কীভাবে আগুন লাগে তা হাসপাতালের রেকর্ড বুকে লেখা নেই। তবে স্বজনদের দাবি, কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল নিলুফারের। ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন নিলুফারের স্বামী, শাশুড়ি ছাড়াও ১২ জন। নিলুফারের বাবা আবদুল গফুর আশুলিয়া থানায় যে মামলা করেছেন, তাতে আসামি মেয়ের স্বামী মোসলেম ও শাশুড়ি মিনারা বেগম।আবদুল গফুর প্রথম আলোকে জানান, দুই বছর আগে নিলুফার যখন অষ্টম শ্রেণীতে পড়ে, তখন অনিচ্ছা সত্ত্বেও আশুলিয়ার কাঁচামাল ব্যবসায়ী মোসলেম উদ্দীনের সঙ্গে মেয়ের বিয়ে দেন তিনি। নগদ ৩৫ হাজার টাকা আর দুই ভরি স্বর্ণালংকারও দিয়েছিলেন। কিন্তু ছ মাস যেতে না যেতেই যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন চাপ দিতে শুরু করে। নিলুফারের ওপর স্বামী-শাশুড়ির অত্যাচারের কথা তিনি জানতেন। কখনো কখনো প্রতিবাদ করতে চেয়েছেন। মেয়েই বাধা দিয়েছেন।স্বজনদের দাবি, প্রায় ছয় মাস ধরে মেয়ের সঙ্গে তাদের যোগাযোগে বাধা দিচ্ছিল নিলুফারের শ্বশুরবাড়ির লোকজন। গত শুক্রবার নিলুফারের মা রাজেদা বেগম সেই বাড়িতে যান মেয়েকে সঙ্গে করে নিয়ে আসবেন বলে। নিলুফারের শাশুড়ি দেননি। উল্টো হুমকি দেন, গেলে আর ফেরার কোনো পথ থাকবে না। খালি হাতে মা রাজেদা বেগম বাড়ির পথে রওনা দিলেন, কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন, ‘মেয়ে পুড়ে গেছে।’ প্রথমে জানানো হয় পোড়া সামান্যই, শুধু হাতটুকু। কিন্তু মায়ের মন মানে না। তিনি ঊর্ধ্বশ্বাসে ছোটেন মেয়ের শ্বশুরবাড়িতে। গিয়ে দেখেন মেয়ে নেই। সেই থেকে নিলুফারের ঠিকানা বার্ন ইউনিটের ৬ নম্বর বেড। চিকিৎসক শাহীন রেজা জানান, নিলুফার তাঁর ওপর স্বামী-শাশুড়ির অত্যাচারের কথা জানিয়েছেন।অভিযুক্ত এই দুজনই পলাতক। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, আসামিদের ধরার চেষ্টা চলছে। পুলিশ চিকিৎসকের অনুমতি নিয়ে গতকাল মঙ্গলবার নিলুফারকে কী করে আগুন লেগেছে এমন প্রশ্ন করলে খুব ক্ষীণ কণ্ঠে একটা উত্তর ভেসে আসে, ‘লাগাইসে’। এরপর আর কোনো কথা বলতে পারেননি নিলুফার।বাবা আবদুল গফুর মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়ায় নিজেকে শাপ-শাপান্ত করছেন, চিৎকার করে কাঁদছেন, চিকিৎসকদের কাছে বারবার জিজ্ঞেস করছেন, ‘মেয়ে আমার বাঁচবে তো, স্যার?’