এবার মেক্সিকোয় চালু হচ্ছে ইউনূসের সামাজিক ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী এবং ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবার মেক্সিকোতে সামাজিক ব্যবসা চালুর উদ্যোগ নিয়েছেন। দেশটির তৃতীয় সমৃদ্ধিশালী রাজ্য ভেরাক্রুসের গভর্নর দুয়ার্তে দ্য অচোয়া তাঁর রাজ্যে এ সামাজিক ব্যবসা চালুর ঘোষণা দেন। খবর ইউএনবির।
দুয়ার্তে দ্য অচোয়ার আমন্ত্রণে ১৭ থেকে ২০ জুলাই মেক্সিকো সফর করেন ড. ইউনূস। মেক্সিকোর যে স্থানে প্রথম পা রেখে লাতিন আমেরিকায় স্প্যানিশরা ব্যবসা শুরু করেছিলেন, সেখানে এক জমকালো অনুষ্ঠানে অভ্যর্থনা দেওয়া হয় অধ্যাপক ইউনূসকে। অনুষ্ঠানে মেক্সিকোর প্রধান প্রধান শহরের মেয়র, রাজ্য আইনসভার সদস্য, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন। রাজ্যের রাজধানী জালাপা থেকে হেলিকপ্টারে করে অধ্যাপক ইউনূসকে অনুষ্ঠানে নিয়ে আসেন ভেরাক্রুসের গভর্নর ।
অনুষ্ঠানে দুয়ার্তে দ্য অচোয়া জানান, তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে আলোচনা করে সামাজিক ব্যবসা সম্পর্কে জেনেছেন এবং সন্তুষ্ট হয়েছেন। রাজ্যে সামাজিক ব্যবসার যাত্রার ঘোষণা দিয়ে ‘ইউনূস সামাজিক ব্যবসা তহবিলে’ ৪৫ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্তের কথা জানান দুয়ার্তে দ্য অচোয়া। ভেরাক্রুসে আগামী তিন মাসের মধ্যে ওই তহবিল গঠন করা হবে। ভেরাক্রুসের গভর্নর আরও জানান, তহবিল গঠনের পরপরই অনুদানের অর্থ হস্তান্তর করা হবে, যেন বিলম্ব ছাড়াই সামাজিক ব্যবসা শুরু করা যায়।
ভেরাক্রুসের অভ্যর্থনা অনুষ্ঠানের আগের দিন লিওনে দীর্ঘদিনের বন্ধু ও মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেন ড. ইউনূস। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা অংশ নেন। ভিসেন্তে ফক্সের সঙ্গে একটি জাতীয় টেলিভিশন প্রোগ্রামেও অংশ নেন তিনি। পরে ভিসেন্তে ফক্স এক সংবাদ সম্মেলনে তাঁর রাজ্যের সেন্ট্রো ফক্সে সামাজিক ব্যবসা শুরু করার ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০০৯ সালে বিশ্বের অন্যতম ধনকুবের মেক্সিকোর কার্লোস স্লিম ও গ্রামীণ ট্রাস্টের যৌথ উদ্যোগে মেক্সিকোতে গ্রামীণ মাইক্রোক্রেডিট কর্মসূচি চালু হয়।
এ ছাড়া ইউনিভার্সিটি জোসে ভ্যাসকনসেলোসে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন ড. ইউনূস। মনতেরি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাঁকে দেয় বিশেষ সংবর্ধনা।