এবার মেয়র খোকার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার মেয়ের বিরুদ্ধে মামলা করার পর এবার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের হিসাব বিবরণী নির্দিষ্ট সময়ে জমা না দেওয়ায় মেয়রের ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে গতকাল সোমবার রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়। দুর্নীতি দমন আইন, ২০০৯-এর ২৬(২) ধারায় মামলাটি করেন দুদকের সাবেক সহকারী পরিচালক মো. শামছুল আলম।মামলায় অভিযোগ করা হয়, সাদেক হোসেন খোকার স্থাবর-অস্থাবর অনেক সম্পত্তি রয়েছে তাঁর ছেলে ইশরাক হোসেনের নামে। এসব সম্পদের অর্থের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। ইশরাককে সম্পত্তির হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য সাত দিন সময় দিয়ে দুদক নোটিশ দিলেও নির্ধারিত সময়ে তিনি তা দাখিল করতে ব্যর্থ হয়েছেন।অভিযোগে আরও বলা হয়, ইশরাকের নিজ নামে এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে-বেনামে রাখা সম্পদের হিসাব তাঁর কাছে চাওয়া হয়েছিল। ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ওই নোটিশের জবাব না দেওয়ায় সাত কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব চেয়ে একই বছরের ৪ সেপ্টেম্বর তাঁর বাড়ির ফটকে নোটিশ জারি করা হয়। নির্দিষ্ট তারিখে সম্পদের হিসাব জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) (ক) ধারামতে শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে সোমবার ইশরাক হোসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।প্রসঙ্গত, গত রোববার সাদেক হোসেন খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে একই অভিযোগে রমনা থানায় একটি মামলা করে দুদক।