এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম মণ্ডল (৪৮)। আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। এর আগে দুবার ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি। তবে এবার তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
আবুল কাসেম মণ্ডল বলেন, ১৯৯১ সালে তিনি উপজেলার উজানচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরের বার ১৯৯৬ সালে তিনি আবার ওই ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সেবারও জয়ী হতে পারেননি। পরে মাঝে একবার বিরতি দিয়ে ২০১৪ সালের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচন করেন। কিন্তু ফলাফল আগের মতোই। তিনবার পরাজয়ের পর এবার তিনি পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আবুল কাসেম মণ্ডল বলেন, দল তাঁকে মনোনয়ন দিয়েছে। তাই দলের সবাই যদি তাঁর পক্ষে কাজ করেন, তাহলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বিএনপির মতো এত বড় দল, অথচ এখানে নির্বাচন করার মতো শক্তিশালী কোনো প্রার্থী নেই। আবুল কাসেম মণ্ডল ছাড়া আর কেউ আবেদন না করায় তাঁকেই মনোনয়ন দেওয়া হয়েছে। কারণ, নির্বাচন করার মতো সে ধরনের সামর্থ্যবান নেতা বা কর্মী নেই। যদি দলের সবাই তাঁর পক্ষে কাজ করেন, তাহলে আমরাও জয়ের ব্যাপারে আশাবাদী।’