এবার মোহনগঞ্জে বাঁধ ভেঙে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার চরহাইজদিয়া ফসল রক্ষা বাঁধটি গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে ভেঙে গেছে। এতে এ উপজেলার বৃহৎ ডিঙাপুতা হাওরে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে গেছে।
বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকলেও কৃষকেরা জমির পাকা ও আধা পাকা ধান কেটে নিচ্ছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যস্ত ওই হাওরের জমির বোরো ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চলতি বোরো মৌসুমে ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। ডিঙাপুতা হাওরটি এ উপজেলার বৃহত্তম হাওর। এখানে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছিল। গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওই হাওরের ৫ হাজার ২০০ হেক্টর বোরো জমির ধান কাটা হয়েছে। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে চরহাইজদিয়া ফসল রক্ষা বাঁধটি ভেঙে গিয়ে ডিঙাপুতা হাওরের জমিতে পানি ঢুকে পড়ছে। এ অবস্থায় কৃষকেরা নিরুপায় হয়ে পাকা ও আধা পাকা ধান কাটছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম নাফিস বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত ৬ হাজার ৭২০ হেক্টর বোরো জমির ধান কাটা হয়েছে। চরহাইজদিয়া বাঁধ ভেঙে ডিঙাপুতা হাওরে একদিকে পানি ঢুকছে আর অন্যদিকে কৃষকেরা বোরো জমির পাকা ও আধা পাকা ধান কেটে নিচ্ছেন। ওই হাওরে কর্তন না হওয়ায় বেশির ভাগ বোরো জমিই পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ফসলডুবির সঠিক জমির পরিমাণ নির্ণয় করতে আরও দুদিন সময় লাগবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘হাওরের বোরো ফসল রক্ষায় আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’