‘নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যু’, অভিযোগ র্যাবের বিরুদ্ধে
এবার ময়নাতদন্তের প্রতিবেদন পাল্টাতে চাপ
র্যাবের হাতে আটক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্যবসায়ী শাহনূর আলম (৪৩) নির্যাতনের কারণেই মারা গেছেন বলে লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে৷
কুমিল্লা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে এই ময়নাতদন্ত প্রতিবেদন ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে৷ এখন এই ময়নাতদন্ত পাল্টানোর জন্য সংশ্লিষ্ট চিকিৎসকসহ কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা এই চাপ দিচ্ছেন বলে মেডিকেল কলেজের একাধিক সূত্র জানিয়েছে৷
এর আগে এ ঘটনায় র৵াবের ভৈরব ক্যাম্পের প্রধান মেজর এ জেড এম সাকিব সিদ্দিকসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে নিহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে আদালতে এজাহার দাখিল করা হয়৷ এ বিষয়ে মামলা গ্রহণের জন্য নবীনগর থানাকে আদেশ দেওয়ার পরদিন ব্রাহ্মণবাড়িয়ার একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিমকে আমলি আদালত থেকে প্রত্যাহার করা হয়৷
এরপর থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তন করানোর জন্য একটি মহল সক্রিয় হয়ে উঠে বলে অভিযোগ উঠেছে৷ এর মধ্যে গত বুধবার থেকে এই তৎপরতায় যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও হাসপাতাল)৷ তাঁরা নির্যাতনে মৃত্যুর কথা বাদ দিয়ে নতুন করে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরির জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চাপ দেন৷ আর এই দুই কর্মকর্তার তৎপরতা চলাকালেই বুধবার র৵াবের ভৈরব ক্যাম্পের প্রধান মেজর সাকিব সিদ্দিকের বাবা কুমিল্লা মেডিকেল কলেজে যান। তিনি ময়নাতদন্তের বিষয়ে খোঁজখবর করেন বলে মেডিকেল কলেজের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে৷
এ ব্যাপারে বক্তব্য জানতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নূরুল হকের সঙ্গে গত বুধবার ও গতকাল শনিবার কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়৷ তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি৷
তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবদুল হান্নান প্রথম আলোর কাছে দাবি করেন, ময়নাতদন্তের প্রতিবেদন ঠিক আছে কি না, তা জানতে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন৷ প্রতিবেদন পাল্টানোর জন্য তিনি চাপ দেননি৷
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক মো. আজিজুর রহমান সিদ্দিকী স্বীকার করেন, গত কয়েক দিন ধরে ময়নাতদন্তের প্রতিবেদন বদলানোর জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, ‘যেটা সত্য ময়নাতদন্ত প্রতিবেদনে আমি সেটাই লিখেছি৷’
এ বিষয়ে আদালতে নিহত ব্যক্তির পরিবারের দেওয়া এজাহারে বলা হয়, গত ২৯ এপ্রিল দুপুরে র্যাবের একটি দল নবীনগরের বগডহর গ্রামের বাড়ি থেকে শাহনূরকে আটক করে এবং তাঁর চোখ-মুখ বেঁধে নিয়ে যায়। ওই রাতে র৵াবের ভৈরব ক্যাম্পে শাহনূরকে পিটিয়ে গুরুতর জখম করা হয়৷ একপর্যায়ে শাহনূর অচেতন হয়ে পড়েন। পরদিন জ্ঞান ফেরার পর তাঁকে নবীনগর থানায় হাজির করে র৵াব৷ একই সঙ্গে আবু তাহের নামের স্থানীয় এক ব্যক্তিকে বাদী করে শাহনূরের বিরুদ্ধে থানায় একটি মামলা দেওয়া হয়৷ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। এরপর ৪ মে অবস্থার অবনতি হলে শাহনূরকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৬ মে তিনি মারা যান।
পরদিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হুমায়ুন কবীর, কারারক্ষী জাহিদুল ইসলামসহ পাঁচ সাক্ষীর উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, নিহত শাহনূর আলমের ডান হাতের কনুইয়ের ওপরে থেঁতলানো ও রক্তাক্ত দাগ আছে। বাঁ হাতের কনুইয়ের ওপরে ও নিচে থেঁতলানো কালচে বর্ণের দাগ, ডান ও বাঁ ঊরুর ওপরের অংশে থেঁতলানো গুরুতর জখমের এবং ডান ও বাঁ পায়ের হাঁটুর নিচে বিভিন্ন অংশে কালচে বর্ণের দাগ আছে। কোমরের নিচে দুই পাশে এবং দুই পায়ের পাতা পর্যন্ত রক্তাক্ত থেঁতলানো ও যৌনাঙ্গে জখমের দাগ আছে৷
একই দিন লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘পেটে, বুকে, শরীরের নিচের অংশে ও অণ্ডকোষসহ শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যাহা ছিল মৃত্যুর আগের আঘাত। হত্যার উদ্দেশ্যে আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়।’
এ ঘটনায় ১ জুন শাহনূরের ভাই মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ার আদালতে র্যাবের ভৈরব ক্যাম্পের মেজর এ জেড এম সাকিব সিদ্দিক ও উপপরিদর্শক (এসআই) এনামুল হকসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করেন৷ শুনািন শেষে ৪ জুন ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার মামলাটি গ্রহণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে নবীনগর থানা পুলিশকে নির্দেশ দেন৷
এর পরদিনই নাজমুন নাহারকে আমলি আদালত থেকে প্রত্যাহার করা হয়৷ এরপর ৮ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা দায়রা ও জজ আদালতের হাকিম মোহাম্মদ কাউছার এ-সংক্রান্ত পূর্ববর্তী আদেশ সংশোধন করে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ার নির্দেশ দেন৷
গতকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি৷ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক সাহা প্রথম আলোকে বলেন, কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে মামলা নেওয়ার অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করা হয়েছে। সেখান থেকে অনুমোদন এলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।