এবার যথার্থভাবে সেনাবাহিনী ডাকা হয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘সেনা মোতায়েন না করায় এত দিন আমি তোপের মুখে ছিলাম। এবার তাদের আমরা প্রপারলি (যথার্থভাবে) ডেকেছি।’ গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হওয়ার সময় সিইসি গণমাধ্যমকর্মীদের নিজে থেকে এ কথা বলেন।
গত শুক্রবার আইনশৃঙ্খলা বৈঠকে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বিএনপির পক্ষ থেকে শনিবার অভিযোগ করা হয়, নির্বাচনে সেনা মোতায়েনের মাধ্যমে তাদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অভিযোগের বিষয়ে সিইসি গতকাল নিজে থেকে ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে গোয়েন্দা সংস্থার এমন কোনো রিপোর্ট ছিল না যে আর্মি (সেনা) লাগবে। সে জন্য আর্মি ডাকার প্রয়োজন মনে করিনি। আর্মি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সম্ভব হয় না। ১৯৭৩ সাল থেকে সেনা মোতায়েন হচ্ছে।’
সেনাবাহিনী ডাকার বিষয়টি ভালোভাবে উপস্থাপনের জন্য সিইসি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি জানান, নির্বাচনী এলাকায় পরিস্থিতি বিবেচনা করে সেনা মোতায়েন ও তাদের সংখ্যা নির্ধারণ করা হবে। প্রতি জেলায় আইনশৃঙ্খলা কমিটি সভা করে বিষয়টি সমন্বয় করবে। সিইসি বলেন, যেসব জেলায় নির্বাচন হচ্ছে না, সেখানে সেনা মোতায়েনের দরকার হবে না। তবে সরকারের পক্ষ থে কে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেনা মোতায়েনের প্রয়োজন হলে তখন দেখা যাবে।