এবার যুক্তরাজ্যে ছায়ামন্ত্রী হলেন রূপা হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপা হক
রূপা হক

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার (শ্যাডো কেবিনেট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক। গত বৃহস্পতিবার লেবার পার্টির নেতা জেরেমি করবিন তাঁকে এই পদে নিয়োগ দেন। রূপা স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক ছায়ামন্ত্রী ডায়ান অ্যাবোটের নেতৃত্বে কাজ করবেন।
এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক শিক্ষাবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। যুক্তরাজ্যের বর্তমান সংসদে বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপির আরেকজন রুশনারা আলী ব্রিটিশ সরকারের বাংলাদেশবিষয়ক বিশেষ বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা তিনজনই লেবার দলের এমপি।
রূপা হক ২০১৫ সালে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। তাঁর আদি বাড়ি বাংলাদেশের পাবনা শহরের মকছেদপুরে।

 দলীয় এমপিদের বিদ্রোহের কারণে সম্প্রতি নতুন করে নেতৃত্বে টিকে থাকার লড়াইয়ে নামতে হয় লেবার নেতা জেরেমি করবিনকে। তৃণমূলের ব্যাপক সমর্থন নিয়ে পুনরায় নেতৃত্বে ফেরা করবিন নতুন করে তাঁর ছায়া মন্ত্রিপরিষদ গঠন করছেন।

ছায়া মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রূপা হক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বলেন, ‘স্বরাষ্ট্রবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে লেবার দলের অগ্রগামী দলে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। ক্ষমতাসীন টোরি সরকারকে চাপে রাখার জন্য আমাদের অনেক কাজ করতে হবে।’

যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী সরকারকে জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। এটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট)। ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তদের কাজ হলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সিদ্ধান্ত ও কার্যক্রমের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ভুলত্রুটি তুলে ধরে চ্যালেঞ্জ করা। সেই সঙ্গে নিজ দলের পক্ষে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা। এই ছায়া মন্ত্রিসভাকে বলা যেতে পারে বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার প্রাক্‌-প্রস্তুতি। দল ক্ষমতায় গেলে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারীরাই মন্ত্রিত্বের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হন।

বিবিধ

খবর