এবার যুবদল ও ছাত্রদলের ১৯ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় যুবদলের এক কর্মীর করা মামলায় এবার জেলা যুবদল ও ছাত্রদলের ১৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবির আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন।মামলা করার ১০ দিনের মাথায় এই অভিযোগপত্র জমা দেওয়া হলো। গত ১০ অক্টোবরের সম্মেলনে আহত যুবদলের কর্মী মো. রাসেল ৩০ অক্টোবর বাদী হয়ে জেলা যুবদল ও ছাত্রদলের ২১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাত পরিচয় নেতা-কর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।১০ অক্টোবরের ওই সম্মেলনকে কেন্দ্র করে শহরের কান্দিরপাড় এলাকায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। তখন প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই দিনই কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ চৌধুরী বাদী হয়ে দ্রুত বিচার আইন এবং পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। ২০ অক্টোবর দ্রুত বিচার আইনে করা মামলায় ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা সৈয়দ আবু মো. শাহজাহান কবির গতকাল প্রথম আলোকে বলেন, এক সপ্তাহে যাচাই-বাছাই করে ১৯ জনের নামে অভিযোগপত্র তৈরি করা হয়। সোমবার তা আদালতে দাখিল করা হয়।