এবার রক্ষা পেল মেছো বিড়াল
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকায় বাঘ ভেবে ডোরাকাটা একটি মেছো বিড়াল হত্যার দুদিন পর গত শনিবার আরেকটি মেছো বিড়াল লোকালয়ে এসে ধরা পড়ে। তবে গ্রামবাসী আর আতঙ্কিত না হয়ে কৌশলে বিড়ালটিকে আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।গত রোববার বিকেলে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে জন্তুটিকে ছেড়ে দেওয়া হয়। গ্রামবাসীর বরাত দিয়ে বন বিভাগ জানায়, নিজপাট ইউনিয়নের লালমাপাড়া গ্রামে শনিবার বিকেলে আজিজুল মিয়ার বাড়ির পাশের জঙ্গল থেকে লোকালয়ে আসে মেছো বিড়ালটি। একইভাবে গত বৃহস্পতিবার একটি মেছো বিড়াল এসে ধরা পড়েছিল। গ্রামবাসী বাঘ ভেবে আটক করে গলায় দড়ি দিয়ে বেঁধে রাখলে ফাঁস লেগে মারা যায় বিড়ালটি। তখন বন বিভাগের একদল পরিদর্শক ঘটনাস্থলে গিয়ে বাঘের শাবক ভেবে হত্যা করা জন্তুটি মেছো বিড়াল বলে শনাক্ত করেছিলেন। এ সচেতনতায় শনিবার লোকালয়ে আসা মেছো বিড়ালটি ধরে বন বিভাগকে খবর দিলে জৈন্তাপুর উপজেলা বন বিভাগের সারি বিট কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে জন্তুটিকে উদ্ধার করেন।গ্রামবাসী ফাঁদ পেতে অক্ষতভাবে মেছো বিড়ালটি ধরে দেওয়ায় সুস্থ অবস্থায় রোববার জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে জানিয়ে বন বিভাগের সারি বিট কর্মকর্তা মোহামঞ্চদ শামীম বলেন, মৌসুম পরিবর্তন হওয়ায় টিলা ও পাহাড়ি বনাঞ্চলের মেছো বিড়াল লোকালয়ে আসছে। এদের বনবিড়াল বলেও ডাকা হয়। গ্রামবাসীর সচেতনতায় মেছো বিড়ালটি অক্ষত ছিল।