এবার রাজবাড়ীতে ৫৭ ধারায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গত শনিবার রাতে মামলা হয়েছে। এই মামলার আসামি রফিক মোল্লা (৩২) নামের এক ব্যক্তিকে গতকাল রোববার ভোররাতে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এই মামলা করেন বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া মোড়ল। গ্রেপ্তার রফিক একই ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রামের বাসিন্দা।

৫৭ ধারায় মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশ সদর দপ্তর থেকে অনুমতি নেওয়ার বিষয়ে সম্প্রতি নির্দেশনা জারি করা হয়েছে। এ মামলার ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, মামলা গ্রহণের আগে এ বিষয়ে জেলা পুলিশ সুপার সালমা বেগম পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে অনুমতি নিয়েছেন।

মামলার বাদী বলেন, গত সোমবার তিনি রফিকের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করা দেখতে পান। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভায় তিনি বিষয়টি উত্থাপন করেন। এরপর রাতে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) দীপন কুমার মণ্ডল বলেন, মামলার পর রফিক গা ঢাকা দেন। গতকাল ভোররাতে অভিযান চালিয়ে তাঁকে চুয়াডাঙ্গা শহরের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় কয়েকজন বলেন, রফিক সিঙ্গাপুরপ্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন। তবে তাঁর পরিবারের সদস্যরা বিএনপি-সমর্থক হিসেবে পরিচিত।

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ডেইলি অবজারভার-এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সীমান্ত খোকনের বিরুদ্ধে ১ আগস্ট ৫৭ ধারায় করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’-এর উদ্যোগে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সীমান্ত খোকনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ওই মামলা করা হয়েছে। বাদীর বক্তব্যে তা স্পষ্ট।

নবীনগর থানার ওসি আসলাম সিকদার বলেন, ‘সীমান্ত খোকনকে আমি এখনো দেখিনি। বাদী থানায় দুটি মামলা করেছেন।’ ৫৭ ধারায় মামলা দায়েরের আগে পুলিশ সদর দপ্তরের অনুমতি নেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আইনের বাইরে কোনো কিছু করা হয়নি।’