আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে এবার বিলবোর্ড টাঙানো হয়েছে রাজশাহী শহরে। গতকাল বুধবার সকাল থেকে নগরের বিভিন্ন মোড়ে বিলবোর্ড দেখা যায়।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, এসব বিলবোর্ডের ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। এর আগে ঢাকায় একইভাবে বিলবোর্ড দখল করে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরা হয় এবং পরে তা সরিয়ে নেওয়া হয়।
গতকাল বিকেলে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, লক্ষ্মীপুর, শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর (বিন্দুর মোড়), সদর হাসপাতাল মোড় ও বিনোদপুর বাজারে এই বিলবোর্ড আছে। সদর হাসপাতালের মোড়ের একটি বিলবোর্ডের শিরোনাম দেওয়া হয়েছে ‘দারিদ্র্য বিমোচন’। এতে লেখা হয়েছে, দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশে সীমিতকরণ। অপর একটি বিলবোর্ডে লেখা রয়েছে ‘মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়ন’। এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু ও ৩১টি সিনিয়র মাদ্রাসায় অনার্স কোর্স চালু।
প্রতিটি বিলবোর্ডের এক কোনায় লেখা রয়েছে উন্নয়নের অঙ্গীকার/ধারাবহিকতা দরকার। প্রতিটিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গতকাল প্রথম আলোকে জানান, বিলবোর্ড লাগানোর ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। এটা ঢাকার কোনো দল করতে পারে। রাজশাহীর মাধ্যমে করলে তাঁর অবশ্যই জানা থাকত। রাজশাহী সিটি করপোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ওই সব বিলবোর্ড থেকে তাঁরা শুধু বিজ্ঞাপন কর পেয়ে থাকেন। যাঁরা তাঁদের কাছ থেকে ইজারা নিয়ে বিলবোর্ড ভাড়া দিয়েছেন, তাঁরা বলতে পারবেন কীভাবে সরকারের উন্নয়নের এই বিলবোর্ড টাঙানো হয়েছে।
নগরের বিন্দুর মোড়ের বিলবোর্ডটির খোঁজ নিতে গিয়ে জানা যায়, যশোরের বিজ্ঞাপন ব্যবসায়ী আশরাফুজ্জামান তুহিন এটি সিটি করপোরেশন থেকে ইজারা নিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিন্দুর মোড়ে তাঁর বোর্ডে একটি সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন ছিল। ওই কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। এই অবস্থায় কারা দলীয় বিজ্ঞাপন লাগিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।