এবার রাস্তায় নামলেন সেই মেয়র
মেহেরপুরের গাংনী পৌর মেয়র ও অাওয়ামী লীগ নেতা অাহমদ অালী হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মজনুর রহমানের অপসারণ ও গ্রেপ্তার দাবি করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন৷
বৃহস্পতিবার রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাজার এলাকায় মেয়র ও তাঁর সমর্থকেরা বিক্ষোভ করলে রাত ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সড়কে বাস চলাচল বন্ধ থাকে৷ পরে স্থানীয় সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
‘তিনি শুধুই মারেন’ তকমায় পরিচিত হয়ে ওঠা গাংনীর এই পৌর মেয়র গাংনী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য৷ গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ তাঁর দুই সহযোগী ঠান্ডু মিয়া (৩৪) ও আব্দুর রবকে (৪২) গাংনীর হেমায়েতপুর গ্রাম থেকে আটক করলে মেয়র তাঁর সমর্থকদের নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন৷ মেয়রের অভিযোগ, হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মজনুরই তাঁর দুই কর্মীকে ধরিয়ে দিয়েছেন৷ তাই তাঁর অপসারণ ও গ্রেপ্তার দাবি করে সন্ধ্যা সাতটা থেকে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তিনি৷ পরে মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র সাংসদ মকবুল হোসেন ও উপজেলা চেয়ারম্যান শফিকুল আলমের হস্তক্ষেপে পুলিশ আটককৃতদের মুক্তি দিলে অবরোধ তুলে নেওয়া হয়৷
বিক্ষোভকালে মেয়র বলেন, এএসআই মজনুর এলাকায় মাদক ব্যবসা, সরকারি গাছ কেটে অাত্মসাৎ ও নিরীহ মানুষ ধরে গ্রেপ্তারবাণিজ্য করেন৷
এ ব্যাপারে এএসঅাই মজনুর অভিযোগ অস্বীকার করে বলেন, গোয়েন্দা পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই দুজনকে আটক করে৷ ওই দুজন গোপনে বিভিন্ন চরমপন্থী দলকে সাহায্য করে৷ অার মেয়র অাহমদ তাঁদের অাশ্রয়-প্রশ্রয় দেন৷
গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, আটক দুজনকে না ছাড়লে মেয়র কঠোর আন্দোলনের হুমিক দেন৷ তাই স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের অনুরোধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অাটককৃত দুজনকে মুক্তি দেওয়া হয়৷
গাংনী পৌর মেয়রের অবাধ্য হওয়ায় চিকিত্সক, শিক্ষক, অধ্যক্ষ, প্রকৌশলী, পুলিশ, ইউএনওসহ প্রায় ৪০ জন লাঞ্ছিত হয়েছেন৷ এ তালিকা থেকে নারীরাও বাদ যাননি৷ মেয়র নিজেই অনেককে পিটিয়েছেন৷