এবার রুশ, সৌদি দূতাবাসের সামনের ফুটপাত সড়ক উন্মুক্ত
গুলশানে রুশ দূতাবাসের সীমানাপ্রাচীরের তিন দিকে ফুটপাত ঘিরে রাখা লোহার বেড়া ও মূল সড়কের ওপর কংক্রিটের স্থাপনা অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
গতকাল বৃহস্পতিবার ডিএনসিসির মেয়র আনিসুল হকের উপস্থিতিতে এই কার্যক্রম চলে। এতে একই সঙ্গে সৌদি দূতাবাসের সামনের ফুটপাতের ওপর গড়ে তোলা একটি ছাউনিও অপসারণ করা হয়।
দূতাবাস এলাকার রাস্তা ও ফুটপাত থেকে এ রকম স্থাপনা অপসারণ একটি অব্যাহত প্রক্রিয়া উল্লেখ করে মেয়র আনিসুল হক বলেন, এর আগে ইতালির দূতাবাস ও পাকিস্তানের হাইকিমশনসংলগ্ন ফুটপাত অবমুক্ত করা হয়। যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাস নিজ উদ্যোগে তাদের ফুটপাত উন্মুক্ত করে দিয়েছে।
মেয়র বলেন, ‘আমরা এটাকে উচ্ছেদ বলব না; বরং এটাকে সড়ক ও ফুটপাত অবমুক্ত করা বলা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘দূতাবাসগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই কার্যক্রম চলছে। আমরা তাঁদের বলেছি যে এটা জনগণের রাস্তা, জনগণের ফুটপাত। এখানে হাঁটতে পারার বিষয়টি তাঁদের সাংবিধানিক অধিকার। তাঁরা সেটা বুঝেছেন।’
প্রায় ১৬ কাঠা জায়গার ওপর গড়ে ওঠা রুশ দূতাবাসের সীমানাপ্রাচীর ঘেঁষে প্রায় ৬ ফুট প্রস্থের ফুটপাত লোহার বেড়া দিয়ে ঘেরা ছিল। এ ছাড়া ফুটপাত থেকে আরও কয়েক ফুট দূরত্বে মূল সড়কের ওপরেই সারিবদ্ধভাবে রাখা হয়েছিল কংক্রিটের তৈরি বড় বড় ফুলের টব। সব মিলিয়ে সীমানাপ্রাচীর থেকে ১০ ফুটেরও বেশি জায়গা দখলে ছিল এই দূতাবাসের।
এখনো রাস্তার ওপরে অনেক দূতাবাসের নিরাপত্তাচৌকি বসানো আছে। বক্তব্যে নিরাপত্তার বিষয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করে মেয়র বলেন, ‘আপনারা রাস্তার ওপরে থাকা চৌকিগুলো সরিয়ে সুবিধাজনক জায়গায় বসান। অন্য অনেক দেশের থেকে বাংলাদেশে নিরাপত্তাঝুঁকি অনেক কম।’
গতকালের অভিযানে রুশ দূতাবাস ছাড়াও সৌদি দূতাবাসের সামনের ফুটপাতে গড়ে তোলা একটি ছাউনি ও গ্রিনডেল ইন্টারন্যাশনাল স্কুলের ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী অপসারণ করা হয়।