এবার রুহুল হককে দায়মুক্তি দিল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ থেকে এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার কমিশনের বৈঠকে রুহুল হককে অভিযোগ থেকে অব্যাহতির অনুমোদন দেওয়া হয়।
দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তে রুহুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে রুহুল হকের স্ত্রী ইলা হক ও তাঁর ছেলে জিয়াউল হকের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে।
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুহুল হকসহ নবম সংসদের নয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এর আগে নবম ও দশম সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে তাঁদের দেওয়া হলফনামা সংগ্রহ করে দুদক। একই সঙ্গে তাঁদের কাছে সম্পদ বিবরণীও চাওয়া হয় এবং পরে তাঁদের দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ২০০৯ সালে মন্ত্রী হওয়ার পর পাঁচ বছরে রুহুল হকের অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১১০ শতাংশ। আর তাঁর স্ত্রী ইলা হকের সম্পদ বেড়েছে ৭৮২ শতাংশ।
দুদকের জিজ্ঞাসাবাদে রুহুল হক দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে দেওয়া হলফনামায় অসাবধানতাবশত ভুল তথ্য দেওয়া হয়েছে। দুদক তাঁর এ দাবি গ্রহণ করেছে।
রুহুল হককে দায়মুক্তির বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, হলফনামায় দেওয়া তথ্য প্রমাণ করা জটিল কোনো বিষয় নয়। এটা ব্যক্তির নিজের দেওয়া তথ্য। তার পরও কোন বিবেচনায় দুদক এসব তথ্য প্রমাণ করতে পারছে না, সেটা একটা বড় প্রশ্ন।
রুহুল হক ছাড়া আরও যেসব সাবেক মন্ত্রী-সাংসদকে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ নিয়ে দুদক অনুসন্ধান করে, তাঁরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সরকারি দলের সাংসদ আসলামুল হক, এনামুল হক ও আবদুর রহমান বদি, বিএনপির দুই সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী ও মসিউর রহমান এবং জাতীয় পার্টির সাবেক সাংসদ আবদুল জব্বার। এঁদের মধ্যে আবদুল মান্নান খান, মাহবুবুর রহমান ও আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করেছে দুদক। শহীদ উদ্দীন চৌধুরী ও আবদুল জব্বারের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। আর আসলামুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া এর আগে পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ থেকে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ ১০ জনকে দায়মুক্তি দেয় দুদক।
এমনকি রেলের নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাও দুদকের করা পাঁচটি মামলা থেকে অব্যাহতি পান।