প্রক্টর ও দুই সহকারী প্রক্টরের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদেও পরিবর্তন এল। বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদা।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি নেন আলমগীর চৌধুরী। পাশাপাশি তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকেও সরে দাঁড়ান। এরপর গতকাল দুপুরে দায়িত্ব নেন কামরুল হুদা। কামরুল হুদা এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
হঠাৎ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে জানতে চাইলে আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার দায়িত্ব শেষ হয়েছে। তাই আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।
গত মাসের শেষের দিকে প্রধান প্রকৌশলী হিসেবে আলমগীর চৌধুরীর দায়িত্বের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন।