রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে অসহযোগিতার আন্দোলন চালিয়ে যাওয়ার মধ্যে এবার রেজিস্ট্রারের সঙ্গে তর্কবিতর্কে জড়ালেন শিক্ষক সমিতির নেতারা। সমিতি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে প্রায় এক মাস ধরে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম মুখ থুবড়ে পড়ে আছে।
শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারীদের বারবার আন্দোলনের জেরে নতুন এই বিশ্ববিদ্যালয়টির বিপর্যস্ত অবস্থা নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় খবর প্রকাশিত হয়। এ দিনই রেজিস্ট্রারের সঙ্গে শিক্ষক নেতাদের ওই তর্কবিতর্কের ঘটনা ঘটল। এ নিয়ে দুই পক্ষ করেছে পাল্টাপাল্টি অভিযোগ।
গতকালের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক সমিতি আগামী রোববার শিক্ষক সমাবেশ আহ্বান করেছে। আর রেজিস্ট্রারের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা কাল শনিবার বৈঠক ডেকেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা দুইটার দিকে শিক্ষক নেতারা রেজিস্ট্রারের কক্ষে যান। সম্প্রতি ২৭টি একাডেমিক ও প্রশাসনিক পদ থেকে ১২ শিক্ষকের পদত্যাগের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে রেজিস্ট্রারের কাছে জানতে চান তাঁরা। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক লেগে যায়।
জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরশেদ উল আলম বলেন, ‘শিক্ষকদের পদত্যাগের বিষয়ে কী হলো স্যাররা তা জানতে চান। কিন্তু বিষয়টি ভিসি স্যার জানেন। আমি বলি, উদ্ভূত পরিস্থিতিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এ কথা বলার পর ওনারা ক্ষিপ্ত হয়ে উঠে বলেন, “আমরা থাকতে কেন এই নিয়োগ দেওয়া হলো?” জবাবে আমি বলি, স্যার, আপনারা তো পদত্যাগ করেছেন। এ ছাড়া ছাত্রী হলে কোনো অভিভাবক ছিল না। তাই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।’
জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ বলেন, ‘আমাদের একজন শিক্ষক প্রথমে মোবাইল ফোনে তাঁর কাছে জানতে চান, শিক্ষকদের পদত্যাগের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে নতুন করে কেন প্রভোস্ট, সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হলো? বিষয়টি আরও পরিষ্কার করে জানতে আমরা তাঁর কক্ষে যাই। সেখানে কোনো উত্তপ্ত তর্কবিতর্কের ঘটনা ঘটেনি। উনি যা বলেছেন, তা মোটেই সত্য নয়।’
উপাচার্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে চলতি মাসের প্রথম সপ্তাহে ১২ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক পদ থেকে পদত্যাগ করেন।