এবার র্যাব যা বলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ব্যবসায়ী মেট্রো গার্মেন্টস অ্যান্ড ডায়িংয়ের মালিক অমল পোদ্দারের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণেই কলেজছাত্র সোহেল মাহমুদকে ইয়াবা উদ্ধারের মামলায় ফাঁসানো হয়েছে। সম্প্রতি নিখোঁজ হওয়া ওই ব্যবসায়ীর ভাতিজা ও তাঁর দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করে এমন প্রতিবেদন দিয়েছে র‌্যাব-১১।
জমি বেদখলের প্রতিকার না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী গ্রামের যুবক আবুল কালাম আজাদ বুকে ‘ন্যায়বিচার চাই’ প্ল্যাকার্ড নিয়ে ২ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে দাঁড়িয়েছিলেন। ওই রাতেই তাঁর চাচাতো ভাই সোহেল মাহমুদকে র‌্যাব-১১ আটক করে এবং তাঁর বাসায় অভিযান চালিয়ে ইয়াবা পেয়েছে বলে দাবি করে। সোহেল এখনো কারাগারে রয়েছেন।
এ নিয়ে ৭ আগস্ট প্রথম আলোতে ‘এক যুবকের চোখে শত মানুষের কান্না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরের দিন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেলের উপপরিচালক মেজর রোমান মাহমুদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনা তদন্ত করতে সোনারগাঁয়ে আসেন।
৯ আগস্ট অমল পোদ্দারের ভাতিজা বাপ্পী পোদ্দার ও তাঁর দুই কর্মচারী সোলায়মান হোসেন ও বিল্লাল হোসেনকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ধরে নিয়ে গেছে অভিযোগ করে ১০ আগস্ট বাপ্পী পোদ্দারের বাবা প্রদীপ পোদ্দার থানায় জিডি করেন।
র‌্যাব-১১-এর ডিএডি মাকসুদুর রহমানের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা গত সোমবার ভোররাতে সোনারগাঁ থানায় এই তিনজনকে হস্তান্তর করেন। এ বিষয়ে ডিএডি মাকসুদুর রহমান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি প্রতিবেদন দেন। তাতে বলা হয়, আসামিদের সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় সোনারগাঁয়ের পঞ্চমীঘাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাকসুদুর রহমান প্রতিবেদনে বলেছেন, তিনি ২ আগস্ট নানাখী গ্রামের নুরুদ্দিন মিয়ার ছেলে সোহেল মাহমুদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছিলেন। তাতে বলা হয়, তাঁকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, জমি নিয়ে ব্যবসায়ী অমল পোদ্দারের সঙ্গে সোহেল মাহমুদের বিরোধ ছিল। এর জের ধরে অমল পোদ্দারের ভাতিজা বাপ্পী পোদ্দার ও তাঁর দুই কর্মচারী সোলায়মান হোসেন ও বিল্লাল হোসেন তাঁকে (সোহেল মাহমুদ) মাদক মামলায় ফাঁসিয়ে দেন। এ জন্য তাঁরা স্থানীয় কিংস কনফেকশনারির ব্যবস্থাপক আলমাস মিয়াকে ৭২ হাজার টাকা দেন। আলমাস মিয়া সেই টাকা দিয়ে বিল্লাল হোসেনের মাধ্যমে ৩৭০ পিস ইয়াবা বড়ি কেনেন। পরে সেগুলো কৌশলে সোহেল মাহমুদের ঘরে রেখে আলমাস র‌্যাবকে খবর দেন। র‌্যাবের সদস্যরা ৩৭০ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করেন।
এর আগে ৩ আগস্ট সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিবরণে বাদী র‌্যাব-১১-এর ডিএডি মাকসুদুর রহমান বলেছিলেন, ‘...২ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা আসামি সোহেল মাহমুদের বসতঘরের ভেতর থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।...আসামি সোহেল মাহমুদ র‌্যাবের জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন।’
কিন্তু সোমবার রাতে থানায় দেওয়া প্রতিবেদনে মাকসুদুর রহমান বলেছেন, ‘সোহেল মাহমুদের বসতবাড়ি থেকে ২৭০ পিস ইয়াবা এবং তাঁর পরনের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করি।’
বাপ্পী পোদ্দারসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে র‌্যাবকে মিথ্যা তথ্য দিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করানোর অভিযোগ আনা হয়। গতকাল মঙ্গলবার সকালে পুলিশি পাহারায় তিনজনকেই নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। তাঁদের মধ্যে সোলায়মান হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ বাপ্পী পোদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছে। কাল বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে। আদালত তিন আসামিকেই কারাগারে পাঠিয়ে দেন।

আরও পড়ুন