এবার লক্ষ্যমাত্রার অর্ধেক অর্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখমাড়াইয়ের লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক অর্জনের মধ্য দিয়ে গত বুধবার মধ্যরাতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলসে এবারের (২০১৫-১৬ মৌসুম) আখমাড়াই শেষ হয়েছে। অতিবৃষ্টিতে আখের ফলন বিপর্যয়ের কারণে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলস সূত্রে জানা যায়, ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্য নিয়ে গত ৩০ অক্টোবর ২০১৫-১৬ মাড়াই মৌসুম শুরু হয়। টানা ১০৪ দিনে মিলটি ১ লাখ ৬৮ হাজার ৭৫০ মেট্রিক টন আখ মাড়াই করেছে। এতে এ পর্যন্ত চিনি উৎপাদিত হয়েছে ১০ হাজার ৭০০ মেট্রিক টন।
লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক আখমাড়াইয়ের কারণ সম্পর্কে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ আজিজ জানান, প্রতিবছর চাষিরা পর্যাপ্ত আখ সরবরাহ না করায় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় না। এ বছর তেমনটি হয়নি। চাষিরা তাঁদের উৎপাদিত প্রায় সব আখ সরবরাহ করলেও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। কারণ, অতিরিক্ত বৃষ্টিপাতে এবার আখের ফলন বিপর্যয় হয়েছে। এ কারণে আখ থেকে চিনি আহরণের হারও কমে গেছে। এবার চিনি আহরণের হার ছিল ৬ দশমিক ৩১, যা গত কয়েক বছরের চেয়ে অনেক কম।