এবার লন্ডনে শেখ হাসিনার সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী রোববার (১৪ জুন) লন্ডনে সংবর্ধনা দেবে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ। দলের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার অর্জন ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ প্রথম আলোকে এ তথ্য জানান।
ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য গত ২৯ মে ঢাকায় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

যুক্তরাজ্যর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে আসছেন। এটি তাঁর ব্যক্তিগত সফর। আগামী ১৭ জুন বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
পাঁচ দিনের এই সফরে রোববারের ওই সংবর্ধনা অনুষ্ঠান ছাড়া প্রধানমন্ত্রীর অন্য কোনো রাজনৈতিক বা সরকারি কর্মসূচির বিষয়ে জানা যায়নি।
তবে গত শনিবার লন্ডনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বলেন, দীর্ঘদিন পর তাঁর খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে যাচ্ছে। তিনি চোখের চিকিৎসার জন্য লন্ডনে আসছেন। 

সংবর্ধনার আয়োজন সম্পর্কে সুলতান মাহমুদ শরীফ বলেন, রোববার বিকেলে লন্ডনের একটি হোটেলের হলে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে নাগরিক কমিটির পক্ষ থেকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, তারই আদলে এই সংবর্ধনার আয়োজন করেছেন তাঁরা। বাংলাদেশে স্বৈরাচারের পতন, গণতন্ত্রায়ণ, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি সর্বশেষ ভারতের সঙ্গে সীমান্ত¯চুক্তি কার্যকরের সফলতার সম্মাননা স্বরূপ এই সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপিসহ বেশ কয়েজন ব্রিটিশ এমপিকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।