এবার ল্যাপটপ থেকে উদ্ধার হলো সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার এক যাত্রীর ল্যাপটপ থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। নয়টি বারে থাকা ওই সোনার দাম প্রায় ৫৫ লাখ টাকা। ওই যাত্রীকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার একই বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে প্রায় ৩৩ কেজি সোনা উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গতকাল সকালে থাইল্যান্ড থেকে একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজে আসা যাত্রী জাকির হোসেন (৩৫) গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে আটক করেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার উম্মে নাহিদ প্রথম আলোকে বলেন, জাকির হোসেনের সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাটারির জায়গা থেকে নয়টি সোনার বার উদ্ধার করা হয়। পাসপোর্ট জব্দ এবং তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
উম্মে নাহিদ আরও জানান, গতকাল বেলা ১১টার দিকে বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের ওষুধ আটক করেন শুল্ক গোয়েন্দারা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়াই খাদ্য সম্পূরক ঘোষণা দিয়ে সিজোফ্রেনিয়া ও ওভিয়েলটরি ফেইলিয়রের চিকিৎসায় ব্যবহূত ইনজেকশন এবং বড়ি আমদানি করা হয়েছে। চিকিৎসকের অনুমোদন না নিয়ে এগুলো অতিমাত্রায় গ্রহণ করা নিষিদ্ধ। সিজোফ্রেনিয়ার জন্য আনা স্নায়ু শিথিলকরণ ইনজেকশনগুলো মাদক হিসেবে ব্যবহূত হওয়ার আশঙ্কা রয়েছে।