এবার শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ফাঁস রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রাজশাহীতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো৷ গতকাল শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত স্কুল বা সমপর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার নৈর্ব্যক্তিক অংশের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার এই পরীক্ষার প্রশ্নপত্রের চারটি সেট বিক্রি হয়। পরীক্ষার পরে দেখা গেছে, এর মধ্যে একটি সেটের ১০০ প্রশ্নের মধ্যে ৯৮টিই মিলে গেছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েকজন প্রথম আলোকে জানিয়েছেন, অনেকটা গোপনীয়তার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে প্রশ্নপত্র বিক্রি হয়। সন্ধ্যার দিকে বিভিন্ন ফটোকপির দোকানে ১০ টাকায়ও একটি সেট বিক্রি হয়।
গতকাল সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হয়। প্রথম এক ঘণ্টায় নৈর্ব্যক্তিক, পরের তিন ঘণ্টায় ১০০ নম্বরের রচনামূলক পরীক্ষা হয়েছে। নৈর্ব্যক্তিক অংশের ১০০ নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক ও সাধারণ জ্ঞান—এই চারটি অংশে প্রশ্ন বিভক্ত থাকে। প্রতি অংশে প্রতিটি এক নম্বরের করে ২৫টি প্রশ্ন থাকে।
গতকাল সকালে একটি ছাত্রাবাস থেকে পাওয়া ফাঁস হওয়া এক সেট প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার পরে মূল প্রশ্নপত্র মিলিয়ে দেখা যায়, বাংলায় প্রতিটি এক নম্বরের মোট ২৫টি প্রশ্ন রয়েছে। ফাঁস হওয়া প্রশ্নপত্রের প্রথম ২৪টি প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। ফাঁস হওয়া প্রশ্নপত্রে ২৫টি প্রশ্নের পরে নতুন ক্রমিক নম্বর দিয়ে আরও ২৫টি প্রশ্ন দেওয়া হয়। যে প্রশ্নটি ওপরের ২৫টির মধ্যে নেই, সেটি অতিরিক্ত ২৫টির মধ্যে পাওয়া গেছে। অঙ্ক অংশে বাংলার মতোই ২৫টি প্রশ্ন ছিল। ফাঁস হওয়া প্রশ্নে দেওয়া ছিল ২৪টি প্রশ্ন। এর সবই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে।
সাধারণ জ্ঞান অংশে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ২৪টি প্রশ্ন দেওয়া ছিল। এর সবগুলোই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। তবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের দুটি প্রশ্নের বিকল্প উত্তর দেওয়া ছিল না।
ইংরেজি অংশে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ২৬টি প্রশ্ন ছিল। এর প্রথম ২৫টিই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। এ ছাড়া নতুন ক্রমিকে আরও ২১টি প্রশ্ন দেওয়া রয়েছে।
প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা শুনে রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, রাজশাহীতে অত্যন্ত কড়াকড়ির মধ্য প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো হয়েছে। রাজশাহীতে আসার পর কোনোভাবেই প্রশ্ন ফাঁস হওয়া সম্ভব নয়। এর পরও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি৷
আমাদের নাটোর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরুর আগেই জেলা শহর ও বিভিন্ন উপজেলা সদরে ফাঁস হওয়া প্রশ্নের ফটোকপির ছড়াছড়ি দেখা গেছে৷ উত্তর-সংবলিত ফটোকপি নামমাত্র মূল্য থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে৷ এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি৷
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন, ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন হুবহু মিলে গেছে৷
পুলিশ সুপার নাহিদ হোসেন বলেন, পরীক্ষার প্রশ্নের ফটোকপি বিক্রি করার বিষয়টি তাঁর জানা নেই৷ তা ছাড়া জেলা প্রশাসনের নির্দেশনা ছাড়া এ ব্যাপারে পুলিশের এককভাবে কোনো কিছু করারও নেই৷