এবার শিক্ষক সমিতির পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ও এর প্রতিবাদে এবার আন্দোলনে নামছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সাধারণ শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেছে।
সমিতির সদস্যরা প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে উপাচার্য ও তাঁর অনুসারীদের অনিয়মের বিচার দাবি করেছেন। গতকাল সোমবার শিক্ষক সমিতির এক সাধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক জোট ও সাদা দলের পর এবার শিক্ষক সমিতিও অনিয়মের বিরুদ্ধে মাঠে নামার ব্যাপারে এককাট্টা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গতকাল সোমবার বেলা তিনটায় শিক্ষক সমিতির এক সাধারণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্যাহ। বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক এ কে এম রায়হান উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল হক, প্রগতিশীল শিক্ষক জোটের জি এম আজমল আলী কাওসার, মো. আবদুল্লাহ আল মাহবুব, সাদা দলের আনোয়ার হোসেন, মোহাম্মদ সোলায়মান ও মো. আবদুল হাকিম। সভায় উপস্থিত একাধিক শিক্ষক জানান, সাধারণ শিক্ষকদের কোনো দাবি উপাচার্য পূরণ করতে পারেননি। তাঁর পছন্দসই কিছু শিক্ষককে পদোন্নতি ও তাঁদের কয়েকজনের স্ত্রীকে চাকরি দিয়েছেন। বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে আর্থিক সুবিধা দিয়েছেন। ওই কাজ করতে গিয়ে তিনি অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এ কারণে উপাচার্য ও তাঁর অনুগত সুবিধাভোগী শিক্ষকদের বিচার দাবি করা হয়। শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্যাহ বলেন, ‘উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিচারও সভায় দাবি করা হয়। শিক্ষক সমিতি অতীতে পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বণ্টন নীতিমালা, আপগ্রেডেশন ও খণ্ডকালীন শিক্ষকের সম্মানী ভাতার দাবি জানিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছিল। একপর্যায়ে ওই আন্দোলন ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। কিন্তু উপাচার্য মহোদয় ওই দাবিগুলো পূরণ করেনি। তাই আমরা স্থগিত আন্দোলন পুনরায় মঙ্গলবার (আজ) থেকে শুরু করছি। পরে ওই আন্দোলন এক দফায় উন্নীত করা হবে।’
এর আগে ৯ জুলাই বঙ্গবন্ধু পরিষদ উপাচার্যের দপ্তরে তালা দেয়। ১০ জুলাই সকালে উপাচার্যের দপ্তরে তালা দেওয়া হলে বিকেল আড়াইটায় উপাচার্য আমির হোসেন খান অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বাসভবনে পাঠানো হয়। একই দিন বেলা তিনটায় রেজিস্ট্রার দপ্তরে তালা দেয় বঙ্গবন্ধু পরিষদ। এদিন প্রগতিশীল শিক্ষক জোট উপাচার্যের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করে। ১১ জুলাই সাদা দল একই দাবিতে বিবৃতি দেয়। ওই দিন থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেয় বঙ্গবন্ধু পরিষদ।